মায়ের নামে স্বাস্থ্যমেলা, কিন্তু কোটি টাকার দুর্নীতি? কাঠগড়ায় প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

আবাস যোজনা দুর্নীতির পর এবার স্বাস্থ্যমেলা ঘিরে নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন দিনহাটার প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ। নিজের মায়ের নামে আয়োজিত স্বাস্থ্যমেলার তহবিল থেকে টাকা নয়ছয়ের অভিযোগে এবার তাঁর বিরুদ্ধে সরব হলেন এক স্থানীয় বাসিন্দা। পুরোনো মামলার সঙ্গে যুক্ত করে এই নতুন অভিযোগটি এবার আদালতের নজরে এনেছে পুলিশ।

কী অভিযোগ? দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে দিনহাটার সংহতি ময়দানে বড় আকারে স্বাস্থ্যমেলার আয়োজন করতেন উদয়ন গুহ। ‘বেলা গুহ দুঃস্থ মহিলা ও শিশুকল্যাণ সমিতি’-র ব্যানারে আয়োজিত এই মেলা নিয়ে এখন উঠছে বিস্তর অভিযোগ। রঞ্জিত রায় নামে এক বাসিন্দার দাবি, ২০১০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত মেলার নাম করে তাঁর কাছ থেকে প্রতি বছর ২০ হাজার টাকা করে চাঁদা আদায় করা হয়েছে। অভিযোগ, এই বিপুল পরিমাণ টাকার বিনিময়ে কোনো রসিদ দেওয়া হয়নি, বরং সেই টাকা নয়ছয় করা হয়েছে। গত দু’বছর ধরে মেলাটি বন্ধ থাকলেও, পুরনো এই দুর্নীতির বিষয়টি সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আদালতে পুলিশি হেফাজতে উদয়ন দিনহাটা আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে ইতিমধ্যে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। মঙ্গলবার উদয়ন গুহকে দিনহাটা আদালতে হাজির করানো হয়। পুলিশ তাঁর ১৪ দিনের হেফাজতের আবেদন জানালেও, শুনানি শেষে বিচারক তাঁকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। সরকারি আইনজীবী সঞ্জয় বর্মন জানিয়েছেন, আবাস যোজনা মামলার পাশাপাশি স্বাস্থ্যমেলা সংক্রান্ত নতুন অভিযোগটিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

আরও বিপাকে প্রাক্তন মন্ত্রী আবাস দুর্নীতি এবং স্বাস্থ্যমেলার পাশাপাশি এর আগে দিনহাটা মহকুমা হাসপাতালের শিশু ইউনিটের তহবিল তছরুপের অভিযোগও উঠেছে উদয়ন গুহের বিরুদ্ধে। সব মিলিয়ে একের পর এক দুর্নীতি মামলায় কোণঠাসা প্রাক্তন এই মন্ত্রী। আগামী ১৮ জুলাই ফের তাঁকে আদালতে তোলা হবে। ওই দিনই স্বাস্থ্যমেলা সংক্রান্ত মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *