ওদলাবাড়িতে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা! অ্যাম্বুলেন্স-গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ৫, চাঞ্চল্য

কিছুদিন আগেই চেল নদীর সেতুর ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি এখনো টাটকা, তার মধ্যেই ফের বড়সড় পথ দুর্ঘটনার সাক্ষী হলো জলপাইগুড়ির ওদলাবাড়ি। মঙ্গলবার সকালে ওদলাবাড়ি সেতুর ওপর একটি দ্রুতগামী প্রাইভেট গাড়ির সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোর বর্তমানে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের সিসিইউতে (CCU) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

কীভাবে ঘটল দুর্ঘটনা?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ মিনগ্লাস চা-বাগান থেকে রোগীদের নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছিল একটি অ্যাম্বুলেন্স। ওদলাবাড়ি সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় উল্টো দিক থেকে শিলিগুড়ির দিক থেকে আসা একটি প্রাইভেট গাড়ি তীব্র গতিতে ভুল পথে উঠে আসে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সরাসরি অ্যাম্বুলেন্সটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, অ্যাম্বুলেন্স ও প্রাইভেট গাড়ি—দুটোই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আহতদের পরিস্থিতি:
ঘটনার আকস্মিকতায় স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠান। ঘটনায় রানা দে সরকার, রাজদীপ সরকার (১৭), অমল নন্দী, অ্যাম্বুলেন্স চালক রামচন্দ্র গোদবা এবং নন্দন সোনার আহত হয়েছেন। রাজদীপ ও অমলের আঘাত গুরুতর বলে জানা গেছে। অ্যাম্বুলেন্সে থাকা রোগীদের স্থানীয় গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও, বাকিরা এখনো চিকিৎসাধীন।

আতঙ্ক বাড়ছে স্থানীয় এলাকায়:
একই এলাকায় বারবার দুর্ঘটনার জেরে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, সেতুর ওপর যানবাহনের গতি নিয়ন্ত্রণহীন এবং ট্রাফিক আইন মানার প্রবণতা কমে যাচ্ছে। এই ঘটনার পর মালবাজার থানার পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে বাজেয়াপ্ত করেছে এবং তদন্ত শুরু করেছে।

প্রশাসনের বার্তা:
মালবাজারের এসডিপিও (SDPO) সুদীপ্ত সরকার জানিয়েছেন, দুর্ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে। তিনি আশ্বস্ত করেছেন যে, এলাকায় যান চলাচল স্বাভাবিক করতে এবং গতি নিয়ন্ত্রণের জন্য দ্রুত নতুন প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *