Recipe: ইলিশ নয় কাতলা দিয়েই বানিয়ে ফেলুন ভাপা, শিখেনিন রান্নার পদ্ধতি

ভাপা মানেই বাঙালির পাতে ইলিশ কিংবা চিংড়ির রাজত্ব। তবে সাবেকি বাঙালি রান্নার তালিকায় এমন একটি পদ আছে, যা স্বাদে ও গন্ধে ইলিশকেও টেক্কা দিতে পারে। আর তা হলো— ‘কাতলা মাছের ভাপা’। বনেদি বাড়ির হেঁশেলের এই প্রাচীন রেসিপিটি খুব কম উপকরণেই বাড়িতে বানিয়ে ফেলা সম্ভব। গরম ভাতের সাথে এই পদটি থাকলে আর কিছুই লাগে না। জেনে নিন কীভাবে বানাবেন এই সুস্বাদু কাতলা ভাপা।
প্রয়োজনীয় উপকরণ:
-
কাতলা মাছের টুকরো: ৪-৫টি
-
সাদা ও কালো সর্ষে: ২ টেবিল চামচ
-
পোস্ত দানা: ১ টেবিল চামচ
-
নারকেল কোরা: ২ টেবিল চামচ (স্বাদ বাড়াতে)
-
কাঁচা লঙ্কা: ৫-৬টি
-
টক দই: ১ টেবিল চামচ (ফেটানো)
-
সর্ষের তেল: ৪-৫ টেবিল চামচ
-
হলুদ গুঁড়ো: আধ চা চামচ
-
নুন ও চিনি: স্বাদমতো
প্রস্তুত প্রণালী: ১. প্রথমে কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর সামান্য নুন ও হলুদ মাখিয়ে ১৫ মিনিট ম্যারিনেট করে রাখুন।
২. কড়াইতে সামান্য তেল গরম করে মাছগুলো খুব হালকা করে ভেজে তুলে নিন (বেশি ভাজবেন না)।
৩. এবার মিক্সিতে সর্ষে, পোস্ত, নারকেল কোরা এবং ৩-৪টি কাঁচা লঙ্কা সামান্য নুন ও জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন।
৪. একটি এয়ার-টাইট টিফিন বক্সে সর্ষে-পোস্ত বাটা, ফেটানো টক দই, হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, সামান্য চিনি এবং ২ চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
৫. এবার এই মশলার মিশ্রণে ভেজে রাখা মাছগুলো আলতো করে মাখিয়ে দিন। ওপর থেকে বাকি কাঁচা লঙ্কা চেরা ও আরও একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে বক্সের ঢাকনা আটকে দিন।
৬. একটি বড় পাত্রে জল গরম বসান। জল ফুটতে শুরু করলে তাতে টিফিন বক্সটি বসিয়ে দিন। ১৫-২০ মিনিট ভাপিয়ে নিন।
৭. ভাপানো হয়ে গেলে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আপনার স্পেশাল ‘কাতলা মাছের ভাপা’।
টিপস: মাছ একদম হালকা করে ভাজলে ভাপার স্বাদ বেশি ভালো হয়। নারকেল কোরা ব্যবহারের ফলে মশলায় এক দারুণ ঘন টেক্সচার আসে, যা এই পদটির আসল বৈশিষ্ট্য।