মহারাষ্ট্রে ভয়াবহ বন্যা! নদীর স্রোতে ভেসে গেল ৩০০০ এলপিজি সিলিন্ডার, সতর্কবার্তা প্রশাসনের

প্রবল বর্ষণে মহারাষ্ট্রে তৈরি হয়েছে এক ভয়াবহ ও বিপজ্জনক পরিস্থিতি। বন্যা পরিস্থিতির সুযোগে হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL)-এর পাতালগঙ্গা এলপিজি বটলিং প্ল্যান্ট থেকে প্রায় ৩,০০০টি এলপিজি সিলিন্ডার ভেসে গিয়েছে পটলডাঙা নদীতে। ভর্তি ও খালি—উভয় ধরনের সিলিন্ডার নদীর জলের তীব্র স্রোতে ভেসে যাওয়ার এই চাঞ্চল্যকর দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
প্রশাসনের জরুরি সতর্কতা
এই ঘটনা প্রকাশ্যে আসতেই রায়গড় জেলার জেলাশাসক কিসান জাওয়ালের তরফে এলাকাবাসীর জন্য জরুরি নির্দেশিকা জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, নদীতে ভেসে আসা কোনো এলপিজি সিলিন্ডার যেন কেউ স্পর্শ না করেন, সংগ্রহ করার চেষ্টা না করেন, বা বাড়িতে না নিয়ে যান।
জেলাশাসক বলেন, “কোন সিলিন্ডারটি খালি আর কোনটি গ্যাসে ভর্তি, তা বাইরে থেকে বোঝা সম্ভব নয়। সামান্য অসাবধানতায় বড় ধরনের বিস্ফোরণ বা দুর্ঘটনা ঘটতে পারে। তাই সিলিন্ডার দেখলেই তার থেকে দূরে থাকুন এবং অবিলম্বে স্থানীয় প্রশাসনকে খবর দিন।”
বৃষ্টির দাপট ও রেড অ্যালার্ট
এদিকে, মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী ৯ জুলাই মুম্বই ও থানে জেলায় ‘ইয়েলো অ্যালার্ট’ জারি করা হয়েছে। পাশাপাশি মুম্বই সিটি, মুম্বই শহরতলি, পালঘর, রায়গড়, রত্নগিরি এবং সিন্ধুদুর্গ জেলায় মাঝারি ধরনের ‘হড়পা বান’ বা ফ্ল্যাশ ফ্লাডের ঝুঁকি রয়েছে। টানা বর্ষণের জেরে মহারাষ্ট্রের জনজীবন বর্তমানে বিপর্যস্ত। আবহাওয়া দপ্তর বাসিন্দাদের প্রতিকূল পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
নদীতে ভেসে যাওয়া সিলিন্ডারগুলো উদ্ধারের চেষ্টা চলছে। তবে প্রবল জলের স্রোত এবং আবহাওয়ার অবনতির কারণে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে প্রশাসনকে।