এসবিআই, পিএনবি ও কানাড়া ব্যাঙ্ক কি এক হয়ে যাচ্ছে? বড় খবর জানাল সরকার!

দেশের তিনটি বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক— স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) এবং কানাড়া ব্যাঙ্ক (Canara Bank) কি একে অপরের সঙ্গে মিশে যাচ্ছে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই খবর ঘিরে জল্পনা তুঙ্গে। ফেসবুক থেকে শুরু করে ‘এক্স’ (সাবেক টুইটার)—সবখানেই একটি সংবাদপত্রের কাটিং ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে এই তিন ব্যাঙ্ক একত্রিত হতে চলেছে। এই খবর ছড়িয়ে পড়তেই গ্রাহকদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি হয়।
তবে এই ভাইরাল দাবির সত্যতা নিয়ে এবার বড়সড় বার্তা দিল সরকার। কেন্দ্রের প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)-এর ফ্যাক্ট চেক বিভাগ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই খবরটি সম্পূর্ণ ভুয়ো ও ভিত্তিহীন।
সরকার কী জানাল?
পিআইবি তাদের ভেরিফায়েড হ্যান্ডেলে ভাইরাল ওই ছবিটি পোস্ট করে জানিয়েছে, কেন্দ্রীয় সরকার এই তিন ব্যাঙ্ককে একীভূত করার কোনো প্রস্তাব গ্রহণ করেনি, এমনকি এ বিষয়ে কোনো সম্মতিও দেওয়া হয়নি। ভাইরাল হওয়া সংবাদপত্রের ক্লিপিংটি আদতে একটি নকল বা সম্পাদিত ছবি। সরকারের তরফে কোনো আনুষ্ঠানিক নির্দেশিকা বা ঘোষণা ছাড়াই এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন।
গ্রাহকদের জন্য বিশেষ সতর্কবার্তা:
পিআইবি-র তরফে সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে যে, ব্যাংকিং সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য কেবল সরকারি সূত্রের উপরেই ভরসা করতে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া যেকোনো স্পর্শকাতর খবর যাচাই না করে শেয়ার করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আপনার অ্যাকাউন্ট বা ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে কোনো গুজবে কান দেবেন না, কারণ বর্তমানে এই ব্যাঙ্কগুলির নিজস্ব অস্তিত্ব ও কার্যক্রমে কোনো পরিবর্তন আসছে না।