আবার ফিরছে আইকনিক ‘সিয়েরা’! কালই বাজারে আনছে টাটা, জেনে নিন রেঞ্জ ও ফিচার্সের খুঁটিনাটি

অটোমোবাইল প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। ২০২০ সালের অটো এক্সপোতে প্রথমবার কনসেপ্ট হিসেবে আত্মপ্রকাশের পর, অবশেষে আগামীকাল, ৩০ জুন মঙ্গলবার বাজারে পা রাখতে চলেছে টাটা মোটরসের বহু প্রতীক্ষিত বৈদ্যুতিক গাড়ি— Tata Sierra EV। হ্যারিয়ারের পর টাটার এই নতুন ইলেকট্রিক এসইউভি-কে ঘিরে গাড়ির বাজারে এখন তুমুল উত্তেজনা।
ব্যাটারি ও রেঞ্জ নিয়ে বড় প্রত্যাশা:
সূত্রের খবর, টাটা হ্যারিয়ার ইভি-র মতোই এতে ৬৫kWh এবং ৭৫kWh—এই দুটি ব্যাটারি অপশন থাকতে পারে। এই গাড়িতে টাটার অত্যাধুনিক ‘acti.ev+’ আর্কিটেকচার ব্যবহারের সম্ভাবনা রয়েছে। টাটা মোটরস নিশ্চিত করেছে যে, এই গাড়িতে থাকবে রিয়ার হুইল ড্রাইভ প্রযুক্তি। পাশাপাশি অল-হুইল ড্রাইভের জন্য এতে ব্যবহার করা হবে ডুয়েল মোটর টেকনোলজি। যেহেতু সিয়েরা ইভি-র আকার হ্যারিয়ারের তুলনায় কিছুটা ছোট, তাই একই ব্যাটারি প্যাক ব্যবহার করা সত্ত্বেও, এটি হ্যারিয়ারের চেয়ে বেশি রেঞ্জ (একবার চার্জে দীর্ঘ পথ অতিক্রম) দিতে সক্ষম হবে বলে মনে করা হচ্ছে।
ডিজাইনে আধুনিকতার ছোঁয়া:
টিজার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সিয়েরা ইভি-র ডিজাইনে এক বিশেষ নান্দনিকতা বা ‘অ্যাস্থেটিক লুক’ বজায় রাখা হয়েছে। গাড়ির সামনের গ্রিল অংশে আইসিই (ICE) ভার্সনের তুলনায় সূক্ষ্ম পরিবর্তন আনা হয়েছে। তবে সবথেকে নজরকাড়া পরিবর্তন দেখা গেছে ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে। এলইডি লাইট বারের ঠিক নিচেই শোভা পাচ্ছে ‘Sierra’ লেখাটি, যা গাড়িটিকে এক প্রিমিয়াম লুক দিয়েছে। গাড়ির প্রোফাইল এবং পিছনের অংশের ডিজাইন সাধারণত পুরনো মডেলের মতোই রাখা হয়েছে।
ভিতরের খবর কি?
টিজারে শুধুমাত্র গাড়ির বাইরের অংশ দেখা গেলেও, ইন্টেরিওর বা অন্দরসজ্জা সম্পর্কে এখনো রহস্য বজায় রেখেছে টাটা। আগামীকাল আনুষ্ঠানিক লঞ্চের পরই জানা যাবে কেবিনের ভেতরে প্রযুক্তিগত কোনো বড় চমক থাকছে কি না।
উল্লেখ্য, ২০২৬ সালে এই গাড়ির পেট্রল ভার্সন ইতিমধ্যেই সাড়া ফেলেছে। এখন দেখার বিষয়, ইলেকট্রিক অবতার হিসেবে সিয়েরা ইভি বাজারে কতটা আধিপত্য বিস্তার করতে পারে। আগামীকাল লঞ্চের পর গাড়িটির চূড়ান্ত দাম এবং স্পেসিফিকেশন নিয়ে সমস্ত ধোঁয়াশা কাটবে বলে আশা করা হচ্ছে।