‘কলকাতার বুকে কোনো মুঘল-পাঠানের নাম থাকবে না!’ সুরাবর্দি-বিতর্কে বিধানসভায় হুঙ্কার মুখ্যমন্ত্রীর

পার্ক সার্কাসের ‘সুরাবর্দি অ্যাভিনিউ’-এর নাম পরিবর্তন করে ‘গোপাল মুখার্জি রোড’ করার পর থেকে রাজ্য রাজনীতিতে যে বিতর্ক দানা বেঁধেছে, তার আঁচ গিয়ে পৌঁছাল বিধানসভার মেঝেতে। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন বিতর্কে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিলেন, কলকাতার বুকে ‘অত্যাচারী’ বা ‘বিভাজনকারী’ কোনো মুঘল-পাঠানের নাম রাখা হবে না।

শুভেন্দুর কড়া অবস্থান: বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, “সুরাবর্দির নাম কেন থাকবে? যদি মনে করেন ডক্টর এপিজে আব্দুল কালামের মতো কোনো প্রকৃত দেশপ্রেমিককে সম্মান জানানোর দরকার আছে, তবে তথ্য দিন, যথাযথ মর্যাদা দেওয়া হবে। কিন্তু বিভাজন ও রক্তক্ষয়ের ইতিহাসের সঙ্গে যুক্ত কারোর নাম বরদাস্ত করা হবে না।”

নতুন নামকরণ মূল্যায়ন কমিটি: কলকাতা শহরের রাস্তার নাম পরিবর্তনের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে এবং বিতর্ক এড়াতে এদিন একটি বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানালেন, রাজ্যের রাস্তার নাম মূল্যায়নের জন্য একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ। তিনি আরও বলেন, “যাঁদের ঐতিহাসিক অবদান আছে, তাঁদের নামই গুরুত্ব পাবে। ব্রিটিশ আমলের অত্যাচারী বা বিভাজনকারী কারোর নাম রাখার আগে এখন থেকে পাঁচবার ভাবতে হবে।”

বিতর্কের প্রেক্ষাপট: গত ২০ জুন সুরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদলের সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর থেকেই তৃণমূল, কংগ্রেস ও বাম দলগুলো সরব হয়েছিল। অভিযোগ উঠেছিল, ঐতিহাসিক অবদানের ভিত্তিতে নাম না দেখে সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে। বিরোধীদের দাবি ছিল, পার্ক সার্কাসের ওই রাস্তাটি মৌলানা ওবায়দুল্লা সোহরাওয়ার্দির নামে ছিল, যাকে ‘গ্রেট ক্যালকাটা কিলিং’-এর হোতা হুসেন শহীদ সোহরাওয়ার্দির সঙ্গে গুলিয়ে ফেলছে সরকার।

তৃণমূলের বিরুদ্ধে তোপ: বিরোধীদের পাল্টা আক্রমণ করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “যারা একসময় নেতাজিকে অসম্মান করেছিল এবং রবীন্দ্রনাথকে বুর্জোয়া কবি বলেছিল, তাদের থেকে দেশপ্রেমের উপদেশ নেওয়ার প্রয়োজন নেই।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কলকাতার রাস্তাঘাটের নামবদলকে কেন্দ্র করে সরকার যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ইঙ্গিত দিল, তা আগামী দিনে বাংলার রাজনীতির সাংস্কৃতিক ও ঐতিহাসিক বিতর্কে নতুন মাত্রা যোগ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *