চোখের জরুরি চিকিৎসার জন্য বিদেশ যেতে মরিয়া অভিষেক! হাইকোর্টে বড় আবেদন তৃণমূল সাংসদের

চোখের গুরুতর সমস্যার চিকিৎসায় বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মর্মে আবেদন জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, বিধাননগর সাইবার থানার একটি মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ প্রদান করেছিলেন। গত ২২ মে বিচারপতি নির্দেশ দিয়েছিলেন যে, ৩১ জুলাই বা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিষেককে গ্রেফতার করা যাবে না। তবে সেই একই আদেশে বিচারপতি জানিয়েছিলেন, আদালতের অনুমতি ছাড়া অভিষেক দেশের বাইরে যেতে পারবেন না। এছাড়া, কোথাও যাওয়ার প্রয়োজন হলে তদন্তকারী অফিসারকে ৪৮ ঘণ্টা আগে নোটিশ দিতে হবে।

অভিষেকের আইনজীবী সূত্রে খবর, চোখের পুরনো সমস্যার চিকিৎসার জন্যই তাঁর দ্রুত বিদেশ যাওয়া প্রয়োজন। ২০১৬ সালের অক্টোবর মাসে মুর্শিদাবাদ থেকে ফেরার পথে একটি পথ দুর্ঘটনায় চোখে গুরুতর চোট পেয়েছিলেন অভিষেক। সেই সময় দেশের বিভিন্ন বড় হাসপাতালের পাশাপাশি বিদেশে গিয়েও দীর্ঘ চিকিৎসা করাতে হয়েছিল তাঁকে। এবার সেই সমস্যার পুনরাবৃত্তিতেই আদালতের নির্দেশে শিথিলতা চেয়ে আবেদন জানিয়েছেন তৃণমূল সাংসদ।

প্রসঙ্গত, বাগুইআটির এক ব্যক্তির দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে বিধাননগর সাইবার থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়। অভিযোগ ছিল, জনসমক্ষে উস্কানিমূলক মন্তব্য করেছেন তিনি। সেই মামলা চলাকালীনই বিদেশ যাত্রার উপর আদালতের আরোপ করা বিধিনিষেধ এখন আলোচনার কেন্দ্রে। আদালতের পরবর্তী নির্দেশেই নির্ভর করছে অভিষেকের বিদেশ যাত্রার ভবিষ্যৎ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *