৩০ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন! ত্রিভাষা নীতি বদলাতে কেন্দ্রকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

সিবিএসই-র নতুন ত্রিভাষা নীতি নিয়ে তীব্র আপত্তি ও গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে চালু হতে চলা এই নীতি নিয়ে কেন্দ্র, এনসিইআরটি এবং সিবিএসই-কে নতুন করে ভাবনাচিন্তা করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ইংরেজিকে কেন ‘অ-স্থানীয়’ বা ‘নন-নেটিভ’ ভাষা বলা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত।
প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনের বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানির সময় বিচারপতি বাগচী বলেন, ‘নেটিভ’ শব্দের সঙ্গে ঔপনিবেশিকতার ইতিহাস জড়িয়ে রয়েছে। দেশের অনেক রাজ্যেই ইংরেজি সরকারি ভাষা হিসেবে ব্যবহৃত হয় এবং আদালতের কাজও ইংরেজিতেই চলে। তাই এর বদলে ‘দেশীয়’ শব্দ ব্যবহার করা যায় কি না, তা ভেবে দেখতে বলা হয়েছে।
পাশাপাশি, ষষ্ঠ শ্রেণির পড়ুয়াদের ওপর হঠাৎ করে এই নিয়ম চাপিয়ে না দিয়ে কিছুটা ছাড় দেওয়ার পরামর্শ দিয়েছে আদালত। সিবিএসই যে ২৩টি ভাষার তালিকা দিয়েছে, সব স্কুলে তা পড়ানোর মতো পর্যাপ্ত শিক্ষক এবং পরিকাঠামো আছে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছে বেঞ্চ। আবেদনকারীদের আইনজীবীদের দাবি, এই নীতির ফলে প্রায় ৩০ লক্ষ পড়ুয়া প্রভাবিত হতে পারে। সব দিক খতিয়ে দেখে একটি স্পষ্ট রোডম্যাপ তৈরির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।