অতীন ঘোষের পর এবার নিশানায় মেয়ে! জমি প্রতারণা মামলায় বড় বিপাকে কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র

কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষের বিরুদ্ধে উঠল জমি প্রতারণার গুরুতর অভিযোগ। শুধু তিনিই নন, এই মামলায় নাম জড়িয়েছে তাঁর মেয়ে প্রিয়দর্শিনী ঘোষেরও। প্রগতি ময়দান থানা এলাকায় একটি জমি সংক্রান্ত ঘটনায় হোটেল ‘দি শোভরাণী’-র মালিকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসেছে পুলিশ। জানা গিয়েছে, এই মামলাটি বর্তমানে বিধাননগর উত্তর থানায় ফরওয়ার্ড করা হয়েছে।
সম্প্রতি তৃণমূলের অন্দরে নেতৃত্বের ভূমিকা নিয়ে মন্তব্য করে শিরোনামে এসেছিলেন অতীন ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক দক্ষতা ও তৃণমূল স্তরের সঙ্গে সংযোগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল স্তর থেকে উঠে এসেছেন, কিন্তু অভিষেক আধুনিক নেতা। প্রযুক্তি দিয়ে মানুষের পালস বোঝা যায় না।” এই মন্তব্যের পরই তাঁর বিরুদ্ধে জমি প্রতারণার অভিযোগ প্রকাশ্যে আসায় রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
পুলিশ সূত্রে খবর, প্রগতি ময়দান থানা এলাকার একটি জমিকে কেন্দ্র করে অভিযোগকারী হোটেল মালিক দাবি করেছেন, তাঁকে প্রতারিত করা হয়েছে। অভিযোগের তির সরাসরি অতীন ঘোষ এবং তাঁর মেয়ে প্রিয়দর্শিনী ঘোষের দিকে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে প্রগতি ময়দান থানা থেকে মামলাটি বিধাননগর উত্তর থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এক দিকে দলের শীর্ষ নেতৃত্বের কাজের ধরনে সমালোচনা, আর অন্য দিকে জমি প্রতারণার মতো ফৌজদারি মামলায় নাম জড়ানো— সব মিলিয়ে অত্যন্ত চাপের মুখে অভিজ্ঞ এই তৃণমূল নেতা। অতীন ঘোষের বিরুদ্ধে ঠিক কী ধরণের প্রতারণার অভিযোগ রয়েছে এবং তাতে তাঁর মেয়ের ভূমিকা কী, তা নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে বিধাননগর পুলিশ।
পাঠক, প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে সাম্প্রতিক এই ধরণের অভিযোগ কি রাজনীতির অঙ্গ নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ রয়েছে? আপনার মতামত আমাদের জানান।