রণবীরের ঘাড়ে ৪৫ কোটি টাকার ক্ষতিপূরণের বোঝা! ডন ৩ বিতর্ক মেটাতে এবার আসরে পরিবার

‘ডন ৩’ সিনেমা থেকে রণবীর সিং সরে দাঁড়ানোর পর থেকেই বলিপাড়ায় চর্চার অন্ত নেই। এবার সেই বিতর্ক গড়াল আইনি দরজায়। সিনেমাটি ছাড়ার জেরে প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট রণবীরের কাছে ৪৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে। আর এই বিশাল অঙ্কের দাবি ঘিরেই শুরু হয়েছে মূল গোলযোগ।

পরিস্থিতি সামাল দিতে এবার আসরে নেমেছে রণবীরের পরিবার। অভিনেতার বাবা জগজিৎ সিং ভবনানী সরাসরি ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন বা ইম্পা (IMPPA)-র দ্বারস্থ হয়েছেন। মঙ্গলবার ইম্পা প্রতিনিধিদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসে রণবীরের পরিবার লিখিত আবেদন ও বেশ কিছু গোপন নথি জমা দিয়েছে। কোন পরিস্থিতিতে রণবীর এই ছবি থেকে সরে দাঁড়াতে বাধ্য হলেন, তার যৌক্তিক প্রমাণ দিতেই এই পদক্ষেপ। বর্তমানে ইম্পার আইনি দল দুই পক্ষের সমস্ত নথি খতিয়ে দেখছে।

এদিকে গোটা ঘটনায় রণবীর নিজে প্রকাশ্যে কোনও মন্তব্য না করলেও তাঁর মুখপাত্র জানিয়েছেন, রণবীর পেশাদারিত্ব বজায় রেখেই এই পরিস্থিতি মোকাবিলা করছেন এবং ডন ফ্র্যাঞ্চাইজির প্রতি তাঁর পূর্ণ সম্মান রয়েছে। অন্যদিকে আইনি জটিলতা সত্ত্বেও নিজের কাজ থামিয়ে রাখেননি এই অভিনেতা। জয় মেহতার পরিচালনায় ‘প্রলয়’ নামের নতুন একটি জম্বি থ্রিলার ছবির শুটিং ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তিনি। মুম্বইতে চলা এই ছবির কাজ নিয়েই এখন ব্যস্ত রণবীর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *