EPF গ্রাহকদের জন্য দারুণ সুখবর! এই মাসেই অ্যাকাউন্টে ঢুকছে সুদের টাকা, জানুন কত শতাংশ সুদ পাচ্ছেন?

পিএফ (EPF) গ্রাহকদের জন্য খুশির খবর। এমপ্লয়িস প্রভিডেন্ট ফান্ডে ২০২৫-২৬ অর্থবর্ষের সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্র। অর্থমন্ত্রকের চূড়ান্ত অনুমোদনের পর জানানো হয়েছে, এই অর্থবর্ষে গ্রাহকরা ৮.২৫ শতাংশ হারেই সুদ পাবেন। পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, শ্রম মন্ত্রকের নির্দেশনায় চলতি জুন মাসেই গ্রাহকদের অ্যাকাউন্টে এই সুদের টাকা জমা হওয়ার প্রক্রিয়া শুরু হবে।
সুদের টাকা পেতে আর দীর্ঘ অপেক্ষা নয়:
সাধারণত ইপিএফ অ্যাকাউন্টে সুদের গণনা মাসিক ভিত্তিতে হলেও, তা জমা দেওয়া হয় আর্থিক বছর শেষে। তবে এবার সেই দীর্ঘ প্রক্রিয়ার দিন ফুরিয়েছে। সূত্রের খবর, চলতি মাসেই ৭ কোটিরও বেশি ইপিএফ গ্রাহকের অ্যাকাউন্টে সুদের টাকা পৌঁছে যাবে। এর ফলে পিএফ সদস্যরা দ্রুত তাদের জমানো টাকার ওপর পাওয়া লাভ দেখতে পাবেন।
এক নজরে ইপিএফ সুদের হার:
ইতিহাসের পাতায় নজর দিলে দেখা যায়, ১৯৮৯ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দীর্ঘ এক দশকে ইপিএফ-এর সুদের হার ১২ শতাংশ পর্যন্ত পৌঁছেছিল। সময়ের সাথে সাথে তা পরিবর্তিত হয়েছে। গত ২০২৩-২৪ অর্থবর্ষে সুদের হার ৮.১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৮.২৫ শতাংশ করা হয়েছিল, যা এই বছরও বহাল থাকছে।
আগামীকাল প্রধানমন্ত্রীর বড় কর্মসূচি:
ইপিএফ-এর খুশির খবরের পাশাপাশি শুক্রবার দেশজুড়ে পালিত হতে চলেছে ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’। দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের মাধ্যমে ৪৫ হাজার চাকরিজীবী এবং ৯ হাজার চাকরিদাতাকে সরাসরি ২৪০০ কোটি টাকার সুবিধা প্রদান করা হবে।
পশ্চিমবঙ্গ জুড়েও এই কর্মসূচি পালিত হচ্ছে। রাজ্যের মোট ৭টি জায়গায় এই অনুষ্ঠান আয়োজিত হবে। সল্টলেকের মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং। সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারের এই জোড়া উদ্যোগে চাঙ্গা হয়েছে কর্মসংস্থান ও সঞ্চয়মুখী মধ্যবিত্তের মন।