ধর্মেন্দ্রর বায়োপিকে অভিনয় করবেন কে? সানি নাকি ববি? মুখ খুললেন ছোট দেওল!

বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্রর প্রয়াণের পর কেটেছে এক বছর। শোকের সেই ক্ষত এখনও টাটকা দেওল পরিবারে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবা ধর্মেন্দ্রর ব্যক্তিজীবন এবং তাঁর অজানা কিছু দিক নিয়ে মুখ খুলেছেন ছোট ছেলে ববি দেওল।

ধর্মেন্দ্রর চরিত্রে কে?
সাক্ষাৎকারে ববিকে প্রশ্ন করা হয়, ভবিষ্যতে যদি ধর্মেন্দ্রর বায়োপিক তৈরি হয়, তবে পর্দায় ‘হিম্যান’-এর চরিত্রে কাকে সবচেয়ে উপযুক্ত বলে মনে করেন তিনি? ববি অবলীলায় জানান, সানি দেওল বা তিনি নিজে— কেউই বাবার সেই ম্যাজিক পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন না। কারণ ধর্মেন্দ্রর মতো ব্যক্তিত্বের কোনো বিকল্প হয় না, তিনি ছিলেন এক এবং অদ্বিতীয়।

রাগের আড়ালে লুকানো স্নেহশীল মন
বাবার স্বভাবের এক বিপরীতমুখী রূপ তুলে ধরে ববি জানান, ধর্মেন্দ্র ছিলেন অত্যন্ত ব্যক্তিত্বসম্পন্ন। কারও প্রতি অন্যায় বা অসম্মানজনক আচরণ তিনি সহ্য করতে পারতেন না। ববির কথায়, “পাপা রেগে গেলে অনেক সময় হাত তুলতেন ঠিকই, কিন্তু সেই রাগের পেছনে থাকত চরম স্নেহ। কাউকে মারার পর নিজেই আবার সেই ব্যক্তিকে খাবার দিতেন, দুধ খাওয়াতেন, এমনকি নতুন জামাকাপড়ও কিনে দিতেন। পাপা এমনই এক অদ্ভুত মনের মানুষ ছিলেন।” ববি স্বীকার করেন, ছোটবেলায় বাবার এই মারধরের বিষয়টি তাঁকে খুব কষ্ট দিত। কারণ তিনি নিজে স্বভাবগতভাবে বরাবরই মারামারি থেকে দূরে থেকেছেন।

আবেগঘন পুরস্কার প্রদান অনুষ্ঠান
সম্প্রতি ‘চেতক স্ক্রিন অ্যাওয়ার্ডস ২০২৬’-এ প্রয়াত অভিনেতাকে মরণোত্তর ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’-এ সম্মানিত করা হয়। বাবার হয়ে পুরস্কার নিতে গিয়ে মঞ্চে আবেগপ্রবণ হয়ে পড়েন ববি। তিনি বলেন, “পাপা অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও নতুন প্রজন্মের মন জিতে নিয়েছিলেন। ইন্সটাগ্রাম রিলস তৈরি করা তাঁর নেশায় পরিণত হয়েছিল।” ববি আরও জানান, ধর্মেন্দ্র বিশ্বাস করতেন নিজের ওপর বিশ্বাস রাখলে জীবনে যেকোনোও কিছু অর্জন করা সম্ভব।

কর্মব্যস্ত ববি দেওল
পেশাগত জীবনে ববি এখন বেশ ব্যস্ত। ‘হাউসফুল ৫’-এর সাফল্যের পর বর্তমানে তাঁর হাতে রয়েছে একগুচ্ছ বড় প্রোজেক্ট। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবি ‘আলফা’-তে আলিয়া ভাট ও শারভরি ওয়াঘের সঙ্গে দেখা যাবে তাঁকে। এছাড়া ‘বান্দর’ এবং বিজয় অভিনীত ‘জন নায়কন’-এর মতো সিনেমা নিয়েও দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে।