দুপুরের পাতে জমিয়ে দিতে বানিয়ে ফেলুন জিভে জল আনা ‘চিকেন ধোকা’, দেখুন সহজ পদ্ধতি

ডাল বাটা দিয়ে তৈরি ধোকার ডালনা বাঙালির অতি পরিচিত এক পদ। কিন্তু আপনি কি কখনও ছোলার ডালের সাথে চিকেন কিমার মেলবন্ধনে তৈরি ‘চিকেন ধোকা’ খেয়েছেন? এই পদটি সাধারণ ধোকার তুলনায় অনেক বেশি নরম এবং সুস্বাদু। পোলাও, ফ্রাইড রাইস কিংবা গরম ভাতের সঙ্গে এর জুড়ি মেলা ভার। আজই শিখে নিন এই ইউনিক রেসিপি।
উপকরণ:
ধোকার জন্য: ভিজিয়ে রাখা ছোলার ডাল (১ কাপ), সেদ্ধ চিকেন কিমা (১ কাপ), আদা-কাঁচা লঙ্কা বাটা (১ টেবিল চামচ), হিং (১ চিমটে), নুন ও চিনি (স্বাদমতো), ভাজার জন্য তেল।
গ্রেভির জন্য: ডুমো করে কাটা আলু (২টি), পেঁয়াজ বাটা (আধ কাপ), আদা-রসুন বাটা (১ টেবিল চামচ), টমেটো পিউরি বা কুচি (১টি), জিরে ও ধনে গুঁড়ো (১ চা চামচ করে), কাশ্মীরি লঙ্কা গুঁড়ো (১ চা চামচ), গরম মশলা গুঁড়ো ও ঘি (১ চা চামচ), ফোঁড়নের জন্য গোটা জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা।
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে ভিজিয়ে রাখা ছোলার ডাল, নুন ও লঙ্কা দিয়ে মিক্সিতে একটু দরদরে করে বেটে নিন।
২. কড়াইতে তেল গরম করে হিং ও আদা-লঙ্কা বাটা ফোঁড়ন দিয়ে ডাল বাটা ও সেদ্ধ চিকেন কিমা দিন। স্বাদমতো নুন-চিনি দিয়ে মিশ্রণটি কষাতে থাকুন। কড়াইয়ের গা ছেড়ে মণ্ড পাকিয়ে এলে নামিয়ে নিন।
৩. একটি তেল মাখানো থালায় মণ্ডটি ঢেলে চারকোনা আকারে ছড়িয়ে নিন। ঠান্ডা হলে বরফির শেপে কেটে নিন।
৪. কড়াইতে তেল গরম করে ধোকাগুলো লালচে ও মুচমুচে করে ভেজে তুলে রাখুন। ওই তেলেই আলুগুলো নুন-হলুদ দিয়ে ভেজে নিন।
৫. এবার ফোঁড়ন দিয়ে পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, টমেটো, গুঁড়ো মশলা ও নুন দিয়ে ভালো করে কষিয়ে নিন। তেল ছেড়ে এলে ভাজা আলু ও গরম জল দিন।
৬. আলু সেদ্ধ হয়ে ঝোল ফুটে উঠলে ধোকাগুলো ছেড়ে দিন। মাত্র ২-৩ মিনিট ফুটিয়ে ঘি ও গরম মশলা ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। ৫ মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিন।