‘দাদাগিরি’র নতুন সিজনের সঞ্চালকের মিললো ঝলক, সুপারস্টার দেব নাকি?

টলিউডের সুপারস্টার দেবের মুকুটে যুক্ত হতে চলেছে আরও এক নতুন পালক। জল্পনা ছিল অনেকদিন ধরেই, অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’-র মঞ্চে সঞ্চালক হিসেবে অবতীর্ণ হতে চলেছেন দেব। ১ জুন চ্যানেলের এক বিশেষ কোলাজ প্রোমো সামনে আসতেই পরিষ্কার হয়ে গেল, সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেখে যাওয়া মসনদে বসছেন দেবই।
সৌরভের উত্তরসূরি দেব দীর্ঘদিন ধরে ‘দাদাগিরি’ মানেই ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি। মহারাজ শো ছাড়ার পর থেকেই সঞ্চালক কে হবেন, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে ছিল। লিয়েন্ডার পেজ থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিংবা মিঠুন চক্রবর্তী—অনেকের নামই চর্চায় উঠে এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই গুরুদায়িত্ব এসে পড়ল দেবের কাঁধেই। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা এবং রাজনীতির ময়দানে সফল হওয়ার পর, এবার সঞ্চালক হিসেবে নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি।
প্রোমোতেই চমক জি বাংলার প্রকাশিত নতুন প্রোমোতে দেখা গিয়েছে, এক প্রাসাদোপম ড্রয়িং রুমে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে রয়েছেন দেব। মুখ না দেখালেও, দেবভক্তদের চিনতে ভুল হয়নি তাঁদের স্বপ্নের নায়কের। খুব শীঘ্রই চ্যানেলের তরফে শো-এর পূর্ণাঙ্গ প্রোমো সামনে আনা হবে।
বদল আসছে কি ফরম্যাটে? সূত্রের খবর, দেবের হাত ধরে ‘দাদাগিরি সিজন ১১’-এর ফরম্যাটেও আসতে চলেছে বড়সড় পরিবর্তন। এর আগে বহুবার অতিথি হিসেবে এই শো-এর মঞ্চে এসেছেন দেব, সামলেছেন সৌরভের একের পর এক গুগলি। এবার মঞ্চের অন্য প্রান্তে থেকে নিজেই প্রশ্ন ছুড়বেন প্রতিযোগীদের দিকে। জানা গেছে, খুব শীঘ্রই শুরু হবে অডিশন পর্ব। সৌরভের তৈরি করা জনপ্রিয়তার উচ্চতায় দেব কতটা ছাপ ফেলতে পারেন, এখন সেটাই দেখার অপেক্ষায় বাংলার দর্শক।
জি বাংলার নতুন চমকের ডালি দাদাগিরি ছাড়াও জি বাংলা নতুন বেশ কিছু মেগা সিরিয়ালের ঝলক নিয়ে হাজির হয়েছে। তালিকার মধ্যে রয়েছে ‘বাঘিনী’, ‘অন্নপূর্ণা লক্ষ্মীরা’, ‘দুলারী’, ‘সতীপীঠ কালীঘাট’ এবং ‘ইচ্ছাধারী নাগকন্যা’। সব মিলিয়ে আগামী দিনে বিনোদনের বাজারে জি বাংলা যে বড়সড় লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে, তা বলাই বাহুল্য।