দুর্নীতির অভিযোগে উত্তাল ছিল এলাকা, বাড়ি থেকে উদ্ধার তৃণমূল প্রধানের ঝুলন্ত দেহ!

ফের চাঞ্চল্যকর ঘটনা বাদুড়িয়ায়। দুর্নীতির অভিযোগে লাগাতার বিক্ষোভের মুখে থাকা যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান জাহিদুল হক বৈদ্যর ঝুলন্ত দেহ উদ্ধার হলো তাঁর নিজের বাড়ি থেকে। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
কী ঘটেছিল গত কয়েক দিনে?
গত ৩১ মে ‘স্বচ্ছ ভারত মিশন’-এর অত্যাধুনিক ব্যাটারিচালিত ময়লা ফেলার গাড়ি বিক্রির অভিযোগ ওঠে জাহিদুল হক বৈদ্যর বিরুদ্ধে। অভিযোগ, সরকারি সম্পত্তি বেআইনিভাবে বিক্রি করে টাকা আত্মসাৎ করেছেন তিনি। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ওইদিন প্রধানের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। একইসঙ্গে বাদুড়িয়া থানায় প্রধানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে তাঁর অবিলম্বে গ্রেফতারি ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান এলাকাবাসী। সেই সময় পুলিশ তদন্তে গেলেও প্রধানকে ধরা সম্ভব হয়নি।
ঋণের পাহাড় নাকি অন্য রহস্য?
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, রাজনৈতিক চাপের পাশাপাশি প্রচণ্ড আর্থিক সংকটে ছিলেন জাহিদুল। সূত্রের খবর, এলাকার বেশ কয়েকজন ঠিকাদারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ধার নিয়েছিলেন তিনি। সেই টাকা ফেরত দিতে না পারায় প্রবল চাপের মুখে ছিলেন ওই তৃণমূল নেতা। জাহিদুল হক বৈদ্যর মৃত্যু কি নিছকই আত্মহত্যা, নাকি এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে— তা নিয়ে দানা বেঁধেছে রহস্য।
পুলিশ সূত্রে খবর, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর আসল কারণ জানতে এবং আর্থিক লেনদেনের বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় রাজনৈতিক শোরগোল পড়ে গিয়েছে।