অ্যাম্বুলেন্স-পুলিশের জন্য আর আলাদা নম্বর নয়! সুপ্রিম কোর্টের বড় নির্দেশে জরুরি পরিষেবায় ঐতিহাসিক বদল

জরুরি পরিস্থিতিতে পুলিশের সাহায্য হোক বা অ্যাম্বুলেন্স ডাকা—এতদিন সাধারণ মানুষকে বিভিন্ন পরিষেবার জন্য বিভিন্ন নম্বর মনে রাখতে হতো। এবার সেই জটিলতা কাটছে। ভারতের জরুরি পরিষেবা ব্যবস্থাকে আরও দ্রুত ও কার্যকর করতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে আগামী তিন মাসের মধ্যে একক জরুরি নম্বর ‘১১২’-এর আওতায় আসার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

এক নম্বরে সব পরিষেবা:
আমেরিকার ৯১১-এর ধাঁচে ভারতকে আরও সুরক্ষিত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই পরিকল্পনায় সিলমোহর দিল শীর্ষ আদালত। বিচারপতি জে কে মাহেশ্বরী এবং বিচারপতি অতুল এস চন্দুরকারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, দুর্ঘটনার মতো জরুরি পরিস্থিতিতে একাধিক নম্বর মনে রাখা সাধারণ মানুষের জন্য অনেক সময় কঠিন হয়ে পড়ে। এই সমস্যা সমাধানে ১১২ নম্বরকে একটি সমন্বিত ইমারজেন্সি রেসপন্স সিস্টেম হিসেবে গড়ে তোলা হবে।

আদালতের যুক্তি ও সংবিধানের অধিকার:
সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে যে, সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ‘জীবনধারণের অধিকার’ (Right to Life) মানুষের মৌলিক অধিকার। দুর্ঘটনায় আহত ব্যক্তির দ্রুত ট্রমা কেয়ার বা জরুরি চিকিৎসা পাওয়ার অধিকারও এই জীবনের অধিকারেরই অংশ। তাই জরুরি পরিষেবা ব্যবস্থায় দেরি হওয়া মানে মৌলিক অধিকার খর্ব হওয়া। এই বিষয়টিকেই আদালত গুরুত্ব দিয়েছে।

নতুন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য:

সমন্বিত পরিষেবা: ১১২ নম্বরে ফোন করলেই সংশ্লিষ্ট দপ্তরের কাছে তাৎক্ষণিক তথ্য পৌঁছে যাবে।

জিপিএস ট্র্যাকিং: দেশের প্রতিটি অ্যাম্বুল্যান্সে জিপিএস এবং লোকেশন ট্র্যাকিং বাধ্যতামূলক করা হয়েছে, যাতে সাহায্যের জন্য গাড়ি দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারে।

ক্যাশলেস চিকিৎসা: দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য কেন্দ্রের ‘PM RAHAT’ প্রকল্প দ্রুত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে ফোন করার সঙ্গে সঙ্গেই নিকটবর্তী হাসপাতালে আহত ব্যক্তিকে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করা যাবে।

বর্তমানে দেশের কয়েকটি রাজ্যে ১১২ পরিষেবা চালু থাকলেও, সর্বত্র তা সমানভাবে কার্যকর নয়। বহু জায়গায় এখনও ১০০ বা ১০৮-এর মতো পুরনো নম্বরগুলোই বেশি জনপ্রিয়। আদালতের এই নির্দেশের ফলে আশা করা যাচ্ছে, আগামী তিন মাসের মধ্যেই দেশের প্রতিটি প্রান্তে একীভূত জরুরি পরিষেবা ব্যবস্থা গড়ে উঠবে, যা বহু মূল্যবান প্রাণ বাঁচাতে সাহায্য করবে।