বেতন বাড়তে পারে ১০ লক্ষ! ৪০০ শতাংশ বৃদ্ধির দাবিতে সরব রেলকর্মীরা

কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তনের দাবি তুলল ইন্ডিয়ান রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজারস অ্যাসোসিয়েশন (IRTSA)। অষ্টম পে কমিশনের কাছে বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব দিয়ে কর্মী সংগঠনটি দাবি করেছে, বর্তমানে রেলের উচ্চপদস্থ ও নিম্নপদস্থ কর্মীদের বেতনের মধ্যে যে বিশাল বৈষম্য রয়েছে, তা অবিলম্বে দূর করা প্রয়োজন। তাদের দাবি, কোনো কোনো ক্ষেত্রে বেতন ৪০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হোক।
বেতনবৃদ্ধির প্রস্তাব: সংগঠনের প্রস্তাব অনুযায়ী, বিভিন্ন পে-লেভেলের জন্য আলাদা আলাদা ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ নির্ধারণ করার আর্জি জানানো হয়েছে:
-
লেভেল ১ থেকে ৫: এই স্তরের কর্মীদের জন্য ফিটমেন্ট ফ্যাক্টর ২.৯২ রাখার দাবি করা হয়েছে।
-
লেভেল ৬ থেকে ৮: এই স্তরের কর্মীদের জন্য ৩.৫০ ফিটমেন্ট ফ্যাক্টর প্রস্তাব করা হয়েছে।
-
লেভেল ১৭ থেকে ১৮: সবথেকে বেশি বেতনকাঠামোয় থাকা এই কর্মীদের জন্য ৪.৩৮ ফিটমেন্ট ফ্যাক্টর চাওয়া হয়েছে।
১০ লক্ষ ছাড়াবে বেতন? বর্তমানে লেভেল ১৭ ও ১৮-এর কর্মীদের বেসিক পে আড়াই লক্ষ টাকার কাছাকাছি। সংগঠনের দাবি, প্রস্তাবিত নতুন কাঠামো ও ৪.৩৮ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হলে তাঁদের বেতন প্রায় ১০ লক্ষ ৯৫ হাজার টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। মধ্যম স্তরের কর্মীদের ক্ষেত্রেও বেতনের উল্লেখযোগ্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে দাবি করেছে আইআরটিএসএ।
কেন এই দাবি? কর্মী সংগঠনের দাবি, রেলের টেকনিক্যাল বিভাগের কর্মীরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ কাজ সামলান। বর্তমান বেতন কাঠামোয় যে অসামঞ্জস্য রয়েছে, তা কর্মীদের মনোবল কমিয়ে দিচ্ছে। প্রযুক্তিগত কাজের গুরুত্ব বিচার করেই এই আলাদা ও উন্নত বেতন কাঠামোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের প্রতিনিধিরা।
এখন দেখার বিষয়, রেলকর্মীদের এই দীর্ঘমেয়াদী দাবির প্রেক্ষিতে অষ্টম পে কমিশন শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত গ্রহণ করে।