অর্থনীতি ও সীমান্ত সুরক্ষায় বড় মোড়! চার দিনের ভারত সফরে মায়ানমারের প্রেসিডেন্ট

দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং সীমান্ত সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার লক্ষ্যে চার দিনের সরকারি সফরে ভারতে আসছেন মায়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন অং হ্লাইং। শনিবার (৩০ মে) থেকে ২ জুন পর্যন্ত এই সফরটি সম্পন্ন হবে। প্রেসিডেন্ট পদে বসার পর এটাই তাঁর প্রথম ভারত সফর।
সফরের মূল লক্ষ্য: বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার জানিয়েছেন, এই সফরে ভারত ও মায়ানমারের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করার ওপর বিশেষ জোর দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আয়োজিত এই সফরে প্রেসিডেন্টের সঙ্গে এসেছেন ক্যাবিনেট মন্ত্রী, উচ্চপদস্থ আধিকারিক এবং দেশের প্রথম সারির শিল্পপতিদের একটি প্রতিনিধিদল।
সফরসূচির হাইলাইটস:
-
৩০ মে: সফরের শুরুতে তিনি যাবেন বৌদ্ধ ধর্মের পবিত্র স্থান বোধগয়ায়।
-
১ জুন: দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর আনুষ্ঠানিক বৈঠক হবে। সেখানে প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং আঞ্চলিক যোগাযোগের মতো বিষয়গুলো অগ্রাধিকার পাবে। একই দিনে তিনি একটি বিজনেস ফোরামেও যোগ দেবেন।
-
২ জুন: সফরের শেষ দিনে তিনি যাবেন ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বইতে। সেখানে ভারতীয় শিল্পপতিদের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারের বিষয়ে আলোচনা করবেন তিনি।
বাণিজ্যিক গুরুত্ব: অর্থনৈতিক সম্পর্ক ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিদেশ মন্ত্রকের মতে, উভয় দেশের উন্নয়নের জন্য কৌশলগত যোগাযোগ ব্যবস্থা এবং বাণিজ্যের প্রসার অত্যন্ত জরুরি।
উল্লেখ্য, এর আগে আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স (IBCA) সামিটে তাঁর যোগ দেওয়ার কথা থাকলেও, ইবোলা পরিস্থিতির কারণে ভারত-আফ্রিকা ফোরাম সামিট স্থগিত হওয়ায় সেই কর্মসূচি আপাতত বাতিল হয়েছে। তবে এই সফর ভারত-মায়ানমার কূটনৈতিক স্তরে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা প্রকাশ করেছে সাউথ ব্লক।