চোখের সামনেই মেয়ের মৃত্যু! বাঁকুড়ায় জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ হারালেন গৃহবধূ

একের পর এক পথ দুর্ঘটনায় রাজ্যে শোকের ছায়া। মঙ্গলবার সকালে বাঁকুড়ার ওন্দা থানায় ৬০ নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হলো এক গৃহবধূর। অন্যদিকে, এদিন ভোরে কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসেও দুটি গাড়ির সংঘর্ষে জখম হয়েছেন দু’জন।
বাঁকুড়ায় মর্মান্তিক পরিণতি:
মৃত গৃহবধূর নাম মমতা চৌধুরী। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে সন্তানকে নিয়ে বাঁকুড়ার ওন্দা থানার অঙ্গদপুর গ্রামে বাপের বাড়িতে গিয়েছিলেন মমতা। মঙ্গলবার সকালে বাবার বাইকে চড়ে সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে ফিরছিলেন তিনি। পথে ৬০ নম্বর জাতীয় সড়কে কালীসেন এলাকার কাছে একটি লরি পিছন থেকে বাইকটিতে সজোরে ধাক্কা মারে। ছিটকে পড়েন বাইকে থাকা তিনজনেই। ঘটনাস্থলেই মৃত্যু হয় মমতার। তাঁর বাবা ও শিশু সন্তান গুরুতর আহত অবস্থায় ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরই ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ।
কলকাতায় দুর্ঘটনা:
এদিকে মঙ্গলবার ভোর সাড়ে ৫টা নাগাদ কলকাতার টেগোর পার্ক ক্রসিংয়ে দুটি গাড়ির সংঘর্ষে আতঙ্ক ছড়ায়। রুবির দিক থেকে উল্টোডাঙাগামী একটি ট্রাভেলার গাড়ির সঙ্গে সার্ভিস রোড থেকে মেন রাস্তায় ওঠা অপর একটি গাড়ির সংঘর্ষ হয়। ঘটনায় দুই গাড়ির চালকই জখম হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য ডিসান হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বারবার ঘটে চলা এই ধরনের পথ দুর্ঘটনা ফের একবার জাতীয় সড়ক ও শহরের রাস্তায় ট্রাফিক নিরাপত্তা এবং চালকদের সচেতনতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল।