মোদী ডাচ সফরে যেতেই প্রেস ও সংখ্যালঘু নিয়ে খোঁচা প্রধানমন্ত্রীর! পাল্টা কড়া জবাব ভারতের

ইউরোপের মাটিতে দাঁড়িয়ে ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলানোর চেষ্টার কড়া জবাব দিল নতুন দিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেদারল্যান্ডস সফরের মাঝেই প্রেসের স্বাধীনতা এবং সংখ্যালঘুদের অধিকার নিয়ে অযাচিত মন্তব্য করে বসেন ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন (Rob Jetten)। ডাচ সংবাদমাধ্যম ‘ডি ভল্কস্ক্রান্ট’ (De Volskrant)-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ভারতে যা ঘটছে— বিশেষ করে সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘুদের অধিকারের পরিস্থিতি নিয়ে ডাচ সরকার বেশ চিন্তিত।

ডাচ প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে ভারতের ইতিহাস, গণতন্ত্র এবং সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে “বোধগম্যের চরম অভাব” বলে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।

“১০০ কোটির ভারত বুঝতে ভুল করছেন…”, ডাচ সংবাদমাধ্যমকে পাল্টা জবাব
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেদারল্যান্ডস সফরের মাঝেই এই কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়। ডাচ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই বিতর্কের মোক্ষম জবাব দেন ভারতীয় বিদেশ মন্ত্রকের সচিব (পশ্চিম) সিবি জর্জ।

তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন, “ভারত ১৪০ কোটি মানুষের দেশ, যা বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার লোকালয়। সংস্কৃতি, ভাষা, খাবার এবং ধর্মের দিক থেকে ভারত এক অনন্য বৈচিত্র্যময় দেশ।”

ভারতের ধর্মীয় স্বাধীনতার দীর্ঘ ও গৌরবময় রেকর্ড তুলে ধরে সিবি জর্জ স্মরণ করিয়ে দেন যে, বিশ্বের চারটি প্রধান ধর্ম— হিন্দু, বৌদ্ধ, জৈন এবং শিখ ধর্মের উৎপত্তি ও বিকাশ এই ভারতের বুকেই হয়েছে। শুধু তাই নয়, বাইরের ধর্মের মানুষেরাও ভারতে হাজার হাজার বছর ধরে সম্পূর্ণ নিরাপদে বসবাস করছেন।

তিনি আরও যোগ করেন, “ইহুদি ধর্ম ভারতে ২,৫০০ বছরেরও বেশি সময় ধরে রয়েছে। ভারত সম্ভবত পৃথিবীর সেই গুটিকয়েক দেশের মধ্যে একটি, যেখানে ইহুদি জনসংখ্যাকে কোনোদিন কোনো রকমের অত্যাচারের মুখোমুখি হতে হয়নি।” ফলে ভারতকে বহুত্ববাদ বা ধর্মীয় স্বাধীনতা নিয়ে জ্ঞান দেওয়ার চেষ্টা যে ভিত্তিহীন, তা ডাচ সংবাদমাধ্যমের সামনে সপাটেই বুঝিয়ে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।

কূটনৈতিক বিরোধের মাঝেই মোদীর মেগা সাফল্য, দেশে ফিরছে চোল যুগের প্রাচীন সম্পদ
নেদারল্যান্ডস প্রধানমন্ত্রীর মন্তব্যে কিছুটা কূটনৈতিক চাপানউতোর তৈরি হলেও, মোদীর এই ডাচ সফর কিন্তু ভারতের ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে এক বিশাল জয় এনে দিয়েছে। দীর্ঘদিন ধরে ডাচদের দখলে থাকা ভারতের এক অমূল্য ঐতিহাসিক সম্পদ অবশেষে ভারতের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে নেদারল্যান্ডস সরকারের তরফ থেকে তুলে দেওয়া হয়েছে প্রায় এক হাজার বছরের পুরনো একটি তাম্রলিপি। ঐতিহাসিকদের মতে, এই তাম্রলিপিটি চোল সাম্রাজ্যের সময়কালের। দক্ষিণ ভারতের চোল যুগের ইতিহাস, শাসনব্যবস্থা ও সংস্কৃতির বহু গুরুত্বপূর্ণ তথ্য এই লিপিতে খোদাই করা রয়েছে।

বহু বছর ধরেই এই তাম্রলিপিটি ফেরত পাওয়ার জন্য নেদারল্যান্ডসের কাছে দাবি জানিয়ে আসছিল ভারত সরকার। অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত উদ্যোগ এবং সফল কূটনৈতিক বার্তার পর, ডাচরা এই ঐতিহাসিক নিদর্শন ভারতের হাতে তুলে দিতে বাধ্য হল। একে মোদী সরকারের এক বড়সড় কূটনৈতিক সাফল্য হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল।