ভিডিও ভাইরাল: টাকার পাহাড়ে চাপা পড়লেন শিল্পী! জুনাগড়ে ভজন অনুষ্ঠানে এ কী কাণ্ড ঘটালেন ভক্তরা?

গুজরাটের ঐতিহ্যবাহী ‘লোক দিরো’ বা ভজন অনুষ্ঠানের একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। কিন্তু সম্প্রতি জুনাগড় জেলায় আয়োজিত একটি অনুষ্ঠানে যা ঘটল, তা দেখে রীতিমতো তাজ্জব বনে গেছে সোশ্যাল মিডিয়া। প্রখ্যাত লোকসংগীত শিল্পী জিগনেশ কবিরাজের ওপর ভক্তদের অকৃপণ অর্থবর্ষণের একটি ভিডিও এখন ইন্টারনেটে ঝড়ের গতিতে ভাইরাল।
নোটের স্তূপে ঢাকা পড়লেন শিল্পী
একটি ভগবদ্ জ্ঞান যজ্ঞ চলাকালীন এই ভজন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, জিগনেশ কবিরাজ গান শুরু করার কিছুক্ষণের মধ্যেই উন্মাদনা চরমে পৌঁছায়। ভক্তরা ভক্তিভরে মঞ্চের দিকে এগিয়ে আসেন এবং তাঁদের হাতে থাকা ব্যাগ ও বস্তা থেকে দু’হাতে টাকা ওড়াতে শুরু করেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, গায়ক জিগনেশ কবিরাজ আক্ষরিক অর্থেই নোটের স্তূপের নিচে চাপা পড়ে যান।
মঞ্চে থাকা স্বেচ্ছাসেবকরা অনবরত সেই টাকা সরানোর চেষ্টা করলেও ভক্তদের দেওয়া নোটের ভিড়ে তৈরি হয় বিশাল এক পাহাড়। এই বিপুল অর্থবর্ষণের সময় মঞ্চে উপস্থিত ছিলেন প্রখ্যাত লোকশিল্পী মায়াভাই আহিরের পুত্র জয়রাজ আহিরকেও, যাকে অত্যন্ত উৎসাহের সাথে নোট ওড়াতে দেখা যায়।
ভক্তি নাকি আড়ম্বর? শুরু হয়েছে বিতর্ক
ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি বড় অংশ একে গুজরাটের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন হিসেবে দেখলেও, অন্য পক্ষ একে ‘টাকার অপচয়’ এবং ‘লোকদেখানো আড়ম্বর’ বলে কড়া সমালোচনা করেছেন।
View this post on Instagram
টাকা কোথায় যাবে? স্পষ্ট করলেন আয়োজকরা
ক্রমবর্ধমান বিতর্কের মুখে আয়োজক কমিটির পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। তাঁরা জানিয়েছেন, সংগৃহীত এই বিপুল পরিমাণ অর্থ কোনো ব্যক্তিগত সম্পতি বা শিল্পীর পারিশ্রমিক নয়। এই অর্থ সম্পূর্ণভাবে গো-সেবা (গরুর রক্ষণাবেক্ষণ), বিভিন্ন ধর্মীয় কার্যকলাপ এবং জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে। তবে কারণ যাই হোক, নোটের পাহাড়ে ঢাকা পড়া ভজন শিল্পীর এই দৃশ্য এখন নেটদুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে।