রূপ নয়, কিস্তিমাত হবে গুণেই! বিয়ের আসরেই কি নতুন মোড়? প্রকাশ্যে এল ‘বাবলি সুন্দরী’র সময়

টলিপাড়ার অন্দরে গত কয়েকদিন ধরেই জল্পনা ছিল তুঙ্গে। কোন মেগা আসবে আর কার ওপর কোপ পড়বে, তা নিয়ে চলছিল চুলচেরা বিশ্লেষণ। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে পর্দা সরলো। স্টার জলসার বহু প্রতীক্ষিত নতুন ধারাবাহিক ‘বাবলি সুন্দরী’র সম্প্রচারের দিনক্ষণ এবং সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিল চ্যানেল কর্তৃপক্ষ।

আগামী ২০ মে থেকেই ছোটপর্দায় শুরু হচ্ছে এই অসম প্রেমের এক অনন্য গল্প। তবে নতুন মেগা আসার খবরে যতটা আনন্দ রয়েছে, ততটাই উৎকণ্ঠা তৈরি হয়েছে অন্য এক ধারাবাহিকের দর্শকদের মনে।

সন্ধ্যা ৬টায় বড় রদবদল
চ্যানেলের সাম্প্রতিক প্রোমো অনুযায়ী, ২০ মে থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টার স্লটে দেখা যাবে ‘বাবলি সুন্দরী’কে। উল্লেখ্য, এই সময়ে বর্তমানে সম্প্রচারিত হচ্ছে ‘কম্পাস’। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি ‘কম্পাস’-এর যাত্রা কি এবার শেষ হতে চলেছে? নাকি দর্শকদের প্রিয় এই মেগাকে পাঠানো হচ্ছে অন্য কোনো স্লটে? এই প্রশ্নের উত্তর চ্যানেল এখনই স্পষ্ট না করলেও, স্টুডিও পাড়ার গুঞ্জন বলছে, স্লট বদলের সম্ভাবনা থাকলেও শেষ হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গল্পের মোড় ও নতুন রসায়ন
এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘ বিরতির পর আবারও কামব্যাক করছেন জনপ্রিয় অভিনেতা হানি বাফনা। তাঁর চরিত্রের নাম বেণু। তাঁর বিপরীতে নাম ভূমিকায় অর্থাৎ বাবলির চরিত্রে দেখা যাবে নবাগতা স্নেহা গুড়িয়াকে।

ধারাবাহিকের প্রোমোতে দেখা গিয়েছে এক আবেগঘন প্রেক্ষাপট। স্ত্রী বিয়োগের পর দুই মেয়েকে নিয়ে বেণুর জীবন এখন ছন্নছাড়া। বড় মেয়ের কাছে বেণুই তাঁর মায়ের মৃত্যুর জন্য দায়ী। পরিবারের এই অশান্তির মাঝেই বেণুর জীবনে এন্ট্রি নিতে চলেছে ‘বাবলি সুন্দরী’। বাবলি একজন স্ট্যান্ড-আপ কমেডিয়ান, যার কাজই হলো মানুষের মুখে হাসি ফোটানো। তবে সে তথাকথিত সমাজের ‘সুন্দর’ তকমাধারী কোনো মেয়ে নয়। কিন্তু তার প্রাণচঞ্চল স্বভাব আর মনের সৌন্দর্য কি পারবে বেণুর ভাঙা পরিবারকে জোড়া লাগাতে? না কি পরিস্থিতির চাপে আবারও দূরে সরে যাবে তারা?

আকাঙ্ক্ষা বনাম বাস্তবতা
বেণুর মা চান তাঁর ছেলের জীবনে এমন কেউ আসুক যে আগের বৌমার চেয়েও বেশি সুন্দরী এবং গুণবতী হবে। সেখানে বাবলির মতো এক সাধারণ চেহারার মেয়ের উপস্থিতি গল্পে কোন নতুন জটিলতা তৈরি করে, এখন সেটাই দেখার।

স্টার জলসায় একের পর এক নতুন ধারাবাহিকের ভিড়ে ‘বাবলি সুন্দরী’ টিআরপি তালিকায় কতটা জায়গা করে নিতে পারে এবং ‘কম্পাস’-এর ভাগ্যে শেষ পর্যন্ত কী জোটে, তা জানতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা।