বাংলায় এবার সবার মাথার উপর হবে পাকা ছাদ! আবাস যোজনার টাকা নিয়ে বড় ঘোষণা নতুন সরকারের

বঙ্গে রাজনৈতিক পালাবদলের পর থেকেই প্রশাসনিক স্তরে শুরু হয়েছে ব্যাপক তৎপরতা। বাংলায় প্রথমবার সরকার গড়েই বিজেপি নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা দীর্ঘদিনের আটকে থাকা কেন্দ্রীয় প্রকল্পগুলি চালু করতে কোমর বেঁধে নেমেছে। এই তালিকায় সাধারণ মানুষের জন্য সবথেকে বড় সুখবর হয়ে এসেছে ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ (PM Awas Yojana)। দীর্ঘদিন ধরে এই প্রকল্প রাজ্যে থমকে থাকলেও, এবার দ্রুত গতিতে যোগ্য উপভোক্তাদের হাতে বাড়ির টাকা পৌঁছে দিতে উদ্যত নবান্ন।
প্রধানমন্ত্রী আবাস যোজনার মূলত দুটি বিভাগ রয়েছে— গ্রামীণ ও শহর। এই প্রকল্পের মূল লক্ষ্য হল, যাদের থাকার মতো পাকা বাড়ি নেই, তাদের আর্থিক সহায়তার মাধ্যমে মাথার উপর স্থায়ী ছাদ নিশ্চিত করা। শুধু বাড়িই নয়, এর পাশাপাশি শৌচাগার, পানীয় জল এবং বিদ্যুৎ সংযোগের সুবিধাও দেওয়া হয় এই কেন্দ্রীয় প্রকল্পের আওতায়।
কত টাকা পাবেন উপভোক্তারা?
প্রধানমন্ত্রী আবাস যোজনার নিয়ম অনুযায়ী, সমতল এলাকায় পাকা বাড়ি তৈরির জন্য রাজ্য ও কেন্দ্রের যৌথ উদ্যোগে ১ লক্ষ ২০ হাজার টাকা প্রদান করা হয়। অন্যদিকে, পাহাড়ি বা দুর্গম অঞ্চলের ক্ষেত্রে এই সহায়তার পরিমাণ ১ লক্ষ ৩০ হাজার টাকা। সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে দেওয়া হয়।
আবেদনের শর্তাবলি:
এই প্রকল্পের সুবিধা পেতে গেলে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করা বাধ্যতামূলক:
আবেদনকারী বা তাঁর পরিবারের কোনো সদস্যের ভারতের কোথাও নিজস্ব পাকা বাড়ি থাকা চলবে না।
পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরিজীবী হন, তবে সেই পরিবার এই সুবিধার আওতাভুক্ত হবে না।
যাদের নিজস্ব গাড়ি বা বাইক রয়েছে, তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন না।
কিষাণ ক্রেডিট কার্ডে ৫০ হাজার টাকার বেশি ঋণের ক্ষমতা থাকলেও আবেদন বাতিল হতে পারে।
কীভাবে করবেন আবেদন?
নতুন সরকার এই প্রক্রিয়াকে স্বচ্ছ ও দ্রুত করার নির্দেশ দিয়েছে। গ্রামীণ এলাকার বাসিন্দারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে সংশ্লিষ্ট ব্লক বা গ্রাম পঞ্চায়েত প্রধানের সহায়তা নিতে পারেন। শহরের বাসিন্দারা সরাসরি ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’-র অফিশিয়াল ওয়েবসাইট (pmaymis.gov.in) অথবা স্থানীয় পৌরসভায় যোগাযোগ করে আবেদন করতে পারবেন।
বাংলার ঘরহীন মানুষের কাছে এই প্রকল্পের পুনরায় চালু হওয়া এক বড় পাওনা। সরকারের দাবি, রাজনৈতিক ভেদাভেদ ভুলে প্রকৃত যোগ্য মানুষের কাছেই পৌঁছে দেওয়া হবে এই পাকা বাড়ির টাকা।