তিলোত্তমায় পদ্ম-উদ্বোধনের দিনেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির ভ্রুকুটি! আজ কোন কোন জেলায় লাল সতর্কতা? দেখে নিন আপডেট

বাংলার রাজনৈতিক মানচিত্রে আজ এক নতুন ইতিহাস লেখা হতে চলেছে। ব্রিগেডের মঞ্চে যখন লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে শপথ নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ঠিক তখনই সিঁদুরে মেঘ দেখছে আলিপুর আবহাওয়া দফতর। মেঘমুক্ত আকাশে নয়, বরং মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস নিয়েই শুরু হতে চলেছে বঙ্গে নতুন সরকারের পথচলা।

শপথের সময়েই কি বিপত্তি?
হাওয়া অফিসের আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস শুক্রবারই জানিয়ে দিয়েছিলেন যে, শনিবার সকাল থেকেই আকাশ থাকবে মেঘলা। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, দুপুর থেকে সন্ধ্যার মধ্যে— ঠিক যখন ব্রিগেডের শপথ অনুষ্ঠান তুঙ্গে থাকবে— সেই সময়ই কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। হঠাৎ নামা এই বৃষ্টি ও বজ্রপাত ভিভিআইপিদের উপস্থিতিতে আয়োজিত এই মেগা অনুষ্ঠানে কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট
বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্প এবং একাধিক নিম্নচাপ অক্ষরেখার জেরে আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণ— দুই বঙ্গেই ঝড়-বৃষ্টির দাপট বজায় থাকবে। আজ ৯ মে শনিবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং দুই বর্ধমান জেলায় বৃষ্টির দাপট সবচেয়ে বেশি থাকবে। বইতে পারে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। রবিবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও হাওয়ার গতিবেগ কিছুটা কমতে পারে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
পাহাড় ও উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টির দাপট কমার কোনো লক্ষণ নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৩ ও ১৪ মে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

সতর্ক বার্তা হাওয়া অফিসের
বজ্রপাতের সময় খোলা মাঠে না থাকার এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার কড়া পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঝোড়ো হাওয়ায় কাঁচা বাড়ি বা অস্থায়ী কাঠামোর ক্ষতি হতে পারে এবং গাছ ভেঙে পড়ার সম্ভাবনাও রয়েছে। গত ২৪ ঘণ্টায় আলিপুরে ৫ সেমি এবং গয়েরকাটায় ৬ সেমি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তারকেশ্বরে ইতিমধ্যে শিলাবৃষ্টির খবরও পাওয়া গিয়েছে।

বিজেপির এই ‘বিজয় উৎসবের’ দিনে আবহাওয়া শেষ পর্যন্ত কী রূপ নেয়, এখন সেদিকেই তাকিয়ে তিলোত্তমার মানুষ। বৃষ্টির পূর্বাভাস থাকলেও সমর্থকদের উচ্ছ্বাসে কোনো ঘাটতি দেখা যাচ্ছে না।