বিজয় কি তবে ‘জালিয়াতি’ করে মুখ্যমন্ত্রী হচ্ছেন? পুলিশের দরজায় দীনাকরণ, উত্তাল তামিলনাড়ু!

দক্ষিণী মেগাস্টার বিজয়ের রাজনীতিতে অভিষেক হতেই তামিলনাড়ুর মাটি তপ্ত। সরকার গঠন নিয়ে টানটান উত্তেজনার মধ্যেই এবার আইনি লড়াইয়ে জড়াল বিজয়ের দল ‘তামিলাগা ভেট্টি কাজ়াগাম’ (TVK)। থালাপথি বিজয়ের দলের বিরুদ্ধে ‘নকল সমর্থন পত্র’ তৈরির বিস্ফোরক অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হয়েছে টিটিভি দীনাকরণের দল আম্মা মাক্কাল মুন্নেত্রা কাজ়াগাম (AMMK)।
ঠিক কী ঘটেছে?
তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ম্যাজিক ফিগার ছুঁতে ছোট দলগুলোর সমর্থন যখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তখনই শুরু হয়েছে নজিরবিহীন সংঘাত। এএমএমকে-র একমাত্র বিধায়ক কামারাজকে নিয়ে শুরু হয়েছে এই দড়ি টানাটানি।
গতকাল বিজয়ের দল দাবি করেছিল, বিধায়ক কামারাজ তাঁদের সরকারকে সমর্থন করতে রাজি হয়েছেন। এমনকি সেই মর্মেই রাজ্যপালের কাছে চিঠি জমা দেয় টিভিকে। কিন্তু এর পরপরই দৃশ্যপটে হাজির হন এএমএমকে প্রধান টিটিভি দীনাকরণ। তাঁর অভিযোগ, বিজয়ের দল ভুয়ো চিঠি জমা দিয়ে রাজ্যপালকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই মর্মে গিণ্ডি রেঞ্জের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেন তিনি।
পাল্টা চালে চমক বিজয়ের দলের
দীনাকরণ যখন এফআইআর করতে ছুটছেন, তখন তুরুপের তাস বের করেছে বিজয়ের দলও। টিভিকে-র পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বিধায়ক কামারাজ অত্যন্ত হাসিমুখে সমর্থন পত্রে স্বাক্ষর করছেন। শুধু তাই নয়, ভিডিওতে তাঁকে বলতে শোনা যাচ্ছে যে, দীনাকরণের সম্মতি নিয়েই তিনি বিজয়কে সমর্থন দিচ্ছেন। টিভিকে-র দাবি, দীনাকরণ এখন রাজনৈতিক স্বার্থে ডাহা মিথ্যা কথা বলছেন।
শপথ গ্রহণ নিয়ে অনিশ্চয়তা
আজই বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জল্পনা ছিল তুঙ্গে। কিন্তু ম্যাজিক ফিগার নিয়ে অস্পষ্টতা থাকায় গতকাল রাজ্যপাল সরকার গঠনের অনুমতি দেননি। এই টালমাটাল পরিস্থিতির সুযোগ নিয়ে ফের ডিএমকে এবং এআইএডিএমকে জোট বেঁধে ক্ষমতা দখলের চেষ্টা করে কি না, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
তামিলনাড়ুর কুর্সি শেষ পর্যন্ত কার দখলে যাবে— থালাপথি বিজয় নাকি পুরনো ঘাগু রাজনীতিকদের হাতে, তা নিয়ে এখন টানটান উত্তেজনা গোটা দেশে।