মধ্যবিত্তের স্বপ্ন চুরমার! ভরি পিছু ৩০০০ টাকা বাড়ল সোনার দাম, রুপো ছুঁল ২ লক্ষ ৭০ হাজার! পকেটে পড়বে তো টান?

বিশ্বজুড়ে যুদ্ধের দামামা আর আন্তর্জাতিক বাজারের অস্থিরতা— এই দুইয়ের সাঁড়াশি চাপে পড়ে কার্যত দিশেহারা সাধারণ মানুষ। চাল, ডাল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির আগুনেই পুড়ছিল পকেট, এবার সেই আগুনের আঁচ লাগল সোনা ও রুপোর বাজারেও। আজ, বৃহস্পতিবার কলকাতার বাজারে সোনা ও রুপোর দাম যে হারে বেড়েছে, তা মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। একলাফে ১ লক্ষ ৫০ হাজারের গণ্ডি টপকে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে ২৪ ক্যারেট সোনা।

রেকর্ড লাফ সোনার দামে
বাজার বিশেষজ্ঞদের আশঙ্কা ছিলই, কিন্তু বৃহস্পতিবারের গ্রাফ সব হিসেব উল্টে দিয়েছে। একদিনেই ৩ হাজার টাকার বেশি দাম বেড়েছে হলুদ ধাতুর।

২৪ ক্যারেট (খাঁটি সোনা): আজ কলকাতায় ১ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১৫,২৪৬ টাকা। ফলে ১০ গ্রাম বা ১ ভরি সোনার জন্য গুণতে হবে ১ লক্ষ ৫২ হাজার ৪৬০ টাকা। গতকালের তুলনায় আজ ১০০ গ্রামে দাম বেড়েছে ৩,৩০০ টাকা।

২২ ক্যারেট (অলঙ্কারের সোনা): গয়না তৈরির সোনার দামও আকাশছোঁয়া। ১০ গ্রাম সোনার দাম আজ ১ লক্ষ ৩৯ হাজার ৭৫০ টাকা। একদিনেই ভরি প্রতি ৩০০০ টাকা দাম বেড়েছে।

১৮ ক্যারেট: পিছিয়ে নেই ১৮ ক্যারেট সোনাও। আজ ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ১৪ হাজার ৩৪০ টাকা।

রুপোর দামেও ‘আগুন’
সোনার পথেই হেঁটেছে রুপো। বরং রুপোর দাম বাড়ার গতি আরও বেশি আশঙ্কাজনক। আজ ১ কেজি রুপোর দাম একলাফে ৫০০০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৭০ হাজার টাকায়। অর্থাৎ ১০০ গ্রাম রুপো কিনতেই এখন খরচ হবে ২৭ হাজার টাকা।

কেন এই রেকর্ড বৃদ্ধি?
বাজার বিশ্লেষকদের মতে, রাশিয়া-ইউক্রেন বা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা লগ্নিকারীদের নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝুঁকতে বাধ্য করছে। ফলে বিশ্ববাজারে সোনার চাহিদা বাড়ায় ভারতের খুচরো বাজারেও এর সরাসরি প্রভাব পড়ছে। বিয়ের মরশুমের মুখে সোনা-রুপোর এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের দুশ্চিন্তা কয়েক গুণ বাড়িয়ে দিল।