মেট গালার সিঁড়িতে ‘রাজা’ জোহর! শাহরুখকেও কি গোল দিলেন করণ? মণীশের পোশাকে নেটপাড়ায় তোলপাড়

ফ্যাশন দুনিয়ার সবথেকে চর্চিত এবং গ্ল্যামারাস রাত ‘মেট গালা’। আর ২০২৬-এর সেই মহারজনীর মঞ্চে সব আলো কেড়ে নিলেন বলিউডের কর্ণধার করণ জোহর। নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এর সেই আইকনিক সিঁড়িতে করণের উপস্থিতি কেবল একটি ‘রেড কার্পেট মোমেন্ট’ নয়, বরং যেন সেলুলয়েডের কোনো রাজকীয় ফ্রেমকেও হার মানাল। প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রার তৈরি কাস্টম পোশাকে করণ জোহরের এই লুক এখন আন্তর্জাতিক ফ্যাশন মহলে আলোচনার কেন্দ্রবিন্দু।
পোশাকের নাম ‘ফ্রেমড ইন ইটার্নিটি’
করণের এই বিশেষ লুকটির নাম দেওয়া হয়েছে ‘ফ্রেমড ইন ইটার্নিটি’। এতে ছিল একটি ভিন্টেজ জ্যাকেট, যাতে ব্যবহৃত হয়েছে রাজকীয় শোল্ডার প্যাড। তবে সবচেয়ে নজর কেড়েছে প্রায় ৬ ফুট লম্বা হাতে আঁকা একটি কেপ। আভিজাত্য বাড়াতে করণ পরেছিলেন নিজের গয়নার ব্র্যান্ড ‘ত্যানি’-র বহুমূল্য রত্নখচিত নেকলেস এবং আংটি।
করণ জানান, তাঁর এই লুকের মূল অনুপ্রেরণা হলেন কিংবদন্তি ভারতীয় চিত্রশিল্পী রাজা রবি বর্মা। আবেগাপ্লুত করণ বলেন, “রাজা রবি বর্মা অনুভূতির ছবি আঁকতেন, যা আমি বরাবর আমার সিনেমায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তাই এই থিমটি আমার হৃদয়ের খুব কাছের।”
শাহরুখের চেয়েও সেরা? নেটপাড়ায় মহাযুদ্ধ
করণের এই অবতার প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। বিশেষ করে শাহরুখ ভক্তদের সঙ্গে টক্কর জমেছে নেটিজেনদের। রেডিট-এর এক ইউজার লিখেছেন, “মেট গালার থিমকে জাস্ট ফাটিয়ে দিয়েছেন করণ। শাহরুখ খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল, তার চেয়ে গাজিলিয়ন গুণ বেশি ভালো হয়েছে করণের এই লুক।” কেউ আবার তাঁকে ‘রাজা জোহর’ উপাধিও দিয়েছেন। ভক্তদের বড় অংশের দাবি, অতিরঞ্জিত নাটকীয়তা ছাড়াই ভারতীয় শিল্পকলাকে বিশ্বমঞ্চে নিখুঁতভাবে তুলে ধরেছেন তিনি।
“বৃত্ত সম্পূর্ণ হলো”, আবেগপ্রবণ করণ
মেট গালার সিঁড়িতে দাঁড়ানো ছিল করণের দীর্ঘদিনের স্বপ্ন। এই মাইলফলক ছোঁয়ার পর তিনি বলেন, “এক সময় বড় বড় চোখে সিনেমা আর পোশাকের স্বপ্ন দেখতাম, আজ এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে বৃত্তটা সম্পূর্ণ হলো। এটা শুধু ফ্যাশন নয়, আমার কাছে গল্প বলার আরও একটি শক্তিশালী মাধ্যম।”
আসন্ন প্রজেক্ট
ফ্যাশন দুনিয়া জয় করার পাশাপাশি সিনেমার ময়দানেও দাপিয়ে বেড়াচ্ছেন করণ। আগামী ২২ মে বড়পর্দায় মুক্তি পেতে চলেছে তাঁর প্রযোজিত ছবি ‘চাঁদ মেরা দিল’। বিবেক সোনির পরিচালনায় এই রোম্যান্টিক ড্রামায় জুটি বেঁধে দেখা যাবে অনন্যা পাণ্ডে এবং লক্ষ্য-কে।
মেট গালার এই রাজকীয় এন্ট্রি কি করণের আসন্ন ছবির সাফল্যে আরও অক্সিজেন জোগাবে? এখন সেদিকেই তাকিয়ে অনুগামীরা।