গণনার আগের রাতেই ধুন্ধুমার! স্ট্রংরুমের সামনে কমিশনের গাড়িতে ‘রহস্যময়’ খাম?

কাল সোমবার রাজ্যের হাইভোল্টেজ নির্বাচনের ফল প্রকাশ। কিন্তু তার কয়েক ঘণ্টা আগেই আসানসোলে স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে তৈরি হলো বড়সড় প্রশ্ন। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রংরুম চত্বরে একটি সরকারি গাড়ি থেকে ‘রহস্যময়’ খাম ও মোবাইল ফোন উদ্ধার ঘিরে রবিবার রাতে তুলকালাম কাণ্ড ঘটে গেল।

কী ঘটেছিল রবিবার রাতে? জানা গিয়েছে, আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে তৈরি করা হয়েছে স্ট্রংরুম। রবিবার রাতে সেখানে একটি সরকারি স্টিকার লাগানো গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় বিজেপি নেতা-কর্মীদের। তল্লাশি চালাতেই গাড়ির ভিতর থেকে রানিগঞ্জ বিধানসভা কেন্দ্রের নাম লেখা একটি বড় সিল করা খাম উদ্ধার হয়। বিজেপির দাবি, সেই খামের ভিতর একাধিক গুরুত্বপূর্ণ নথি এবং একটি বন্ধ অবস্থায় থাকা মোবাইল ফোন পাওয়া গিয়েছে।

বিক্ষোভে ফেটে পড়ল বিজেপি এই খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বর। কয়েকশো বিজেপি কর্মী-সমর্থক স্ট্রংরুমের বাইরে বিক্ষোভে ফেটে পড়েন। তাঁদের প্রশ্ন, স্ট্রংরুমের মতো স্পর্শকাতর এলাকায় কীভাবে একটি মোবাইল ফোন সম্বলিত সিল করা খাম গাড়ির ভেতর এল? এই ঘটনার পিছনে কোনো বড়সড় চক্রান্ত বা ভোট কারচুপির পরিকল্পনা রয়েছে বলে অভিযোগ বিরোধী শিবিরের। অবিলম্বে ওই গাড়ি বাজেয়াপ্ত করা এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হন বিক্ষোভকারীরা।

পুলিশি তৎপরতা ও তদন্ত পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে এবং খামসহ মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ওই খামটি ঠিক কার এবং কার অনুমতিতে সেখানে আনা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। কোনো সরকারি কর্মীর গাফিলতি রয়েছে কি না, তাও তদন্তের আওতায় রাখা হয়েছে।

উত্তেজনা সর্বত্র উল্লেখ্য, কেবল আসানসোল নয়, ভোট মিটতেই রাজ্যের একাধিক জায়গায় স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে অভিযোগ তুলেছে সব পক্ষই। দিনকয়েক আগেই সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রংরুমে গিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএম ও পোস্টাল ব্যালটের নিরাপত্তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। সেই আবহেই আসানসোলের এই ঘটনা নতুন করে বিতর্কের বারুদে আগুন দিল।

প্রশাসনের দাবি, স্ট্রংরুমের নিরাপত্তায় কোনো আপস করা হবে না। তবে গণনার ঠিক আগের রাতে এমন ঘটনায় সাধারণ ভোটারদের মনেও আশঙ্কার দানা বাঁধছে। আসানসোলের এই ঘটনার পর থেকে এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।