২৪ দিন কোথায় উধাও ছিলেন উৎসব? অবশেষে মুখ খুললেন টলিউড পরিচালক

গত ২ এপ্রিল নিমতার একটি ব্যাঙ্কে কাজে বেরিয়ে হঠাৎই নিখোঁজ হয়ে যান টলিপাড়ার পরিচিত পরিচালক তথা চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়। ২৪ দিন পার হওয়ার পর অবশেষে উদ্ধার হলেন তিনি। দিল্লির এক বন্ধুর বাড়ি থেকে তাঁকে কলকাতায় ফিরিয়ে এনেছেন স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়। বাড়ি ফেরার পরই এক দীর্ঘ ফেসবুক পোস্টে নিজের নিখোঁজ হওয়ার নেপথ্যে থাকা হাড়হিম করা অভিজ্ঞতার কথা শেয়ার করলেন পরিচালক।

কী ঘটেছিল সেই দিনগুলোতে? উৎসবের নিখোঁজ হওয়ার পর থেকেই উত্তাল ছিল সোশ্যাল মিডিয়া। স্ত্রী মৌপিয়ার আকুতি ও আনন্দপুর থানায় মিসিং ডায়েরি করার পর পুলিশি তদন্ত শুরু হলেও হদিস মিলছিল না তাঁর। ২৪ দিন পর উৎসব জানান, তিনি কোনো দুর্ঘটনার কবলে পড়েননি, বরং চরম মানসিক অবসাদ এবং নিরাপত্তাহীনতা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। আর এর মূল কারণ ছিল দীর্ঘদিনের সাইবার বুলিং ও হ্যাকিং।

সাইবার হামলার শিকার পরিচালক ফেসবুক পোস্টে উৎসব দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে পরিকল্পিত সাইবার ক্রাইমের শিকার হচ্ছিলেন। তাঁর কথায়, “আমি কোনো ছবি দিলে বা কেউ আমার সঙ্গে ছবি দিলে সেখানে ফেক প্রোফাইল থেকে কদর্য ভাষায় আক্রমণ করা হতো।” শুধু তাই নয়, তাঁর প্রোফাইল হ্যাক করে আপত্তিকর পোস্ট করা এবং বন্ধুদের কাছে বিভ্রান্তিকর তথ্য পাঠানো হতো বলেও অভিযোগ তাঁর।

মানসিক চাপের কাছে নতিস্বীকার পরিচালক আরও জানান, এই ক্রমাগত অপমান এবং ব্যক্তিগত আক্রমণ তাঁর মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলেছিল। সাইবার অপরাধীদের এই কৌশলী হামলার জেরে তাঁর সহকর্মী এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেও মনোমালিন্য শুরু হয়। উৎসবের কথায়, “গোটা বিষয়টা আমার ওপর একটা সাংঘাতিক মানসিক চাপ তৈরি করতে থাকে। এই চাপের কাছে নতিস্বীকার করেই আমি সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করি এবং ঘর ছাড়ার সিদ্ধান্ত নিই।”

আপাতত কলকাতায় ফিরে চিকিৎসকদের পরামর্শ ও বিশ্রামে রয়েছেন উৎসব। তবে তাঁর এই ঘটনা আবারও সোশ্যাল মিডিয়ার অন্ধকার দিক এবং সাইবার নিরাপত্তার বিষয়টি সামনে নিয়ে এসেছে। টলিপাড়ার সতীর্থরা তাঁর ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন এবং সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।