ছুটি কাটাতে নানুর বাড়ি যাওয়াই কাল হলো! পুনেতে ৪ বছরের শিশুকে নৃসংশভাবে খুন ও ধর্ষণের অভিযোগে তোলপাড় দেশ

মহারাষ্ট্রের পুনে জেলার ভোর তালুকের নাসরাপুর গ্রামে এক নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। চার বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের পর পাথর দিয়ে পিষে খুনের অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। এই নজিরবিহীন নৃশংসতায় ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
ঘটনার প্রেক্ষাপট:
নিহত শিশুটি ছুটি কাটাতে নাসরাপুরে তার নানীর বাড়িতে এসেছিল। পুলিশ সূত্রে খবর, গত শনিবার দিনের বেলায় বাড়ির বাইরে খেলার সময় ৬৫ বছরের ওই বৃদ্ধ তাকে প্রলোভন দেখিয়ে একটি নির্জন গোয়ালঘরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে যৌন নির্যাতনের পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে পাথর দিয়ে পিষে তাকে হত্যা করা হয়। এরপর দেহটি গোবরের স্তূপের নিচে লুকিয়ে রেখে পালিয়ে যায় অভিযুক্ত।
মরদেহ উদ্ধার ও জনরোষ:
দুপুর গড়িয়ে গেলেও শিশুটি ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা হন্যে হয়ে তাকে খুঁজতে শুরু করেন। দীর্ঘ তল্লাশির পর ওই গোয়ালঘর থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করে এবং তাকে গ্রেপ্তার করে। তবে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে শনিবার রাতে নাসরাপুর থানার সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। রাস্তা অবরোধ করে অভিযুক্তের মৃত্যুদণ্ডের দাবি জানানো হয়।
স্তব্ধ এলাকা, বনধের ডাক:
এই ঘৃণ্য অপরাধের প্রতিবাদে আজ নাসরাপুরে সর্বাত্মক বনধের ডাক দিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও গ্রামবাসীরা। সকাল থেকেই দোকানপাট ও বাজার বন্ধ রয়েছে। ভৈরবনাথ মন্দির থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিলের প্রস্তুতি চলছে। গ্রামজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মামলাটির দ্রুত শুনানির ব্যবস্থা করা হবে।