মদ কিনতে কালঘাম ছুটবে সুরাপ্রেমীদের! দিল্লিতে টানা ৫ দিন ‘ড্রাই ডে’ ঘোষণা, সুরা মিলবে কোথায়? জানুন নির্ঘণ্ট

সুরাপ্রেমীদের জন্য ফের বড় দুঃসংবাদ। এবার দেশের রাজধানীতে ঘোষণা করা হলো ৫ দিনের ‘ড্রাই ডে’। আগামী ৫ মাস ধাপে ধাপে মোট ৫ দিন বন্ধ থাকবে সমস্ত মদের দোকান। দিল্লি আবগারি দপ্তরের পক্ষ থেকে সম্প্রতি এই সংক্রান্ত একটি কড়া নির্দেশিকা জারি করা হয়েছে, যা নিয়ে ইতিমধ্য়েই শোরগোল পড়ে গিয়েছে সুরাপ্রেমীদের মধ্যে।
কবে কবে বন্ধ থাকবে মদের দোকান?
দিল্লি আবগারি বিভাগ ২০১০-এর ৫২ নম্বর বিধি অনুযায়ী উৎসব ও বিশেষ দিনগুলিকে ‘ড্রাই ডে’ হিসেবে চিহ্নিত করেছে। নির্দেশিকা অনুযায়ী আগামী দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান:
বুদ্ধ পূর্ণিমা: ১ মে
ইদ-উল-জোহা: ২৭ মে
মহরম: ২৬ জুন
স্বাধীনতা দিবস: ১৫ অগাস্ট
জন্মাষ্টমী: ৯ সেপ্টেম্বর
দোকানে দোকানে লম্বা লাইন, বাড়ছে মদ বিক্রির হার
আগামীকাল ১ মে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রথম দফায় মদের দোকান বন্ধ থাকছে। এই খবর চাউর হতেই রাজধানীর বিভিন্ন লিকার শপগুলোর সামনে চোখে পড়ার মতো লম্বা লাইন দেখা দিয়েছে। ৫ দিনের এই দীর্ঘ মেয়াদী নিষেধাজ্ঞার কথা মাথায় রেখে অনেকেই আগেভাগে স্টক মজুত করতে ভিড় জমাচ্ছেন। ফলে গত কয়েক দিনে মদের বিক্রি এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।
কোথায় মিলবে সুরা? কাদের জন্য ছাড়?
আবগারি দপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছে যে, নির্দিষ্ট দিনগুলিতে সাধারণ মদের দোকান বন্ধ থাকলেও কিছু ক্ষেত্রে ছাড় রয়েছে।
হোটেল ও রেস্তোরাঁ: যে সমস্ত হোটেলের কাছে L-15 এবং L-15F লাইসেন্স রয়েছে, তাঁরা তাঁদের আবাসিক অতিথিদের মদ পরিবেশন করতে পারবেন। তবে প্রকাশ্য বার বা সাধারণের জন্য বিক্রিতে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
নির্দেশিকা টাঙানো বাধ্যতামূলক: সমস্ত লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানকে তাঁদের দোকানের বাইরে বড় হরফে ‘ড্রাই ডে’ সংক্রান্ত নোটিশ ঝোলাতে হবে।
নিষেধাজ্ঞা চলাকালীন কোনও নিয়ম লঙ্ঘন করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে প্রশাসন। ফলে মে মাস পড়ার আগেই সুরাপ্রেমীদের জন্য এই খবর যে যথেষ্ট অস্বস্তিকর, তা বলাই বাহুল্য।