১২ বছর ভাড়া থাকলেই কি বাড়ি আপনার? মালিকানা নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, ভাড়াটে ও মালিকরা সাবধান!

অনেকেই নিজের তিল তিল করে জমানো টাকায় বাড়ি বা ফ্ল্যাট কিনে ভাড়ায় দেন। কিন্তু মনে মনে একটা ভয় কাজ করে— “ভাড়াটে যদি আর বাড়ি না ছাড়ে?” বা “অনেক বছর থাকলে কি ভাড়াটে মালিক হয়ে যায়?” এই ভয়ের কারণেই অনেকে ১১ মাসের বেশি চুক্তি করতে চান না। কিন্তু আসল সত্যিটা কী? দীর্ঘ সময় ভাড়া থাকলে কি সত্যিই মালিকানা হাতবদল হয়?
এক নজরে আইনি বাস্তব:
১. সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়
এক কথায় উত্তর হলো— না। কোনো ভাড়াটে বহু বছর থাকলেও আইনত তিনি সম্পত্তির মালিক হতে পারেন না। গত বছর সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে বাড়ি মালিকদের অধিকার নিশ্চিত করেছে। আদালত জানিয়েছে, যদি কোনো ভাড়াটে একটি বৈধ চুক্তির (Valid Agreement) অধীনে থাকেন, তবে তিনি কখনোই সেই সম্পত্তিতে নিজের মালিকানা দাবি করতে পারবেন না।
২. ১২ বছরের ‘অ্যাডভার্স পজিশন’ বা প্রতিকূল দখল কী?
আইনের একটি প্যাঁচ রয়েছে। যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তিতে টানা ১২ বছরের বেশি সময় ধরে বসবাস করেন এবং এই দীর্ঘ সময়ে বাড়ির আসল মালিক ওই সম্পত্তিতে কোনো অধিকার দাবি না করেন বা কোনো আইনি চুক্তি না থাকে, তবে বিশেষ ক্ষেত্রে ভাড়াটে মালিকানা দাবি করতে পারেন। একে বলা হয় ‘অ্যাডভার্স পজিশন’। তবে এটি শুধুমাত্র তখনই খাটে যদি মালিক এবং ভাড়াটের মধ্যে কোনো লিখিত চুক্তি না থাকে।
৩. ১১ মাসের চুক্তির রহস্য
অনেকে মনে করেন ১১ মাসের চুক্তি করলে ভাড়াটে উঠতে বাধ্য। আসলে ১১ মাসের চুক্তি করলে সেটি রেজিস্ট্রি করার প্রয়োজন পড়ে না, যা খরচ বাঁচায়। তবে সুরক্ষার খাতিরে আইন বিশেষজ্ঞরা দীর্ঘমেয়াদী ভাড়ার ক্ষেত্রে রেজিস্টার্ড এগ্রিমেন্ট করার পরামর্শ দেন। ১২ বছরে একবার চুক্তি রিনিউ (Renew) করলেও ভাড়াটের মালিকানা দাবির পথ চিরতরে বন্ধ হয়ে যায়।
নিজের সম্পত্তি সুরক্ষিত রাখতে মালিকরা কী করবেন?
লিখিত চুক্তি: কখনো মৌখিক কথায় বাড়ি ভাড়া দেবেন না। সবসময় একটি রেজিস্টার্ড রেন্ট এগ্রিমেন্ট করে রাখুন।
চুক্তি নবায়ন: চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তা রিনিউ করুন। এতে প্রমাণ থাকে যে ব্যক্তিটি মালিক নন, স্রেফ একজন ভাড়াটে।
ভাড়া রশিদ: প্রতি মাসে ভাড়া নেওয়ার পর তার রসিদ দিন বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা নিন। এটি প্রামাণ্য দলিল হিসেবে কাজ করে।
পুলিশ ভেরিফিকেশন: ভাড়াটে রাখার আগে স্থানীয় থানায় অবশ্যই তথ্য দিয়ে রাখুন।