ধরা পড়ল জালিয়াতি! মঞ্চে গান না গেয়েই ‘অভিনয়’ জ্যাসমিনের? রণবীরের ছবির গায়িকার কাণ্ড দেখে তাজ্জব ভক্তরা!

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির সাত-সাতটি হিট গান যাঁর গলায় ঝড় তুলেছিল, সেই জ্যাসমিন স্যান্ডলাস এখন কাঠগড়ায়। সম্প্রতি অহমেদাবাদে একটি লাইভ কনসার্টে পারফর্ম করতে গিয়ে এমন এক কাণ্ড ঘটালেন তিনি, যা দেখে ভক্তদের চক্ষু চড়কগাছ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও ঘিরে এখন চলছে তীব্র সমালোচনা।
মাইক দূরে, কিন্তু গান চলছে!
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, মঞ্চে নিজের সুপারহিট গান ‘শরারত’ গাইছেন (পড়ুন বাজাচ্ছেন) জ্যাসমিন। পারফরম্যান্সের মাঝেই দেখা যায়, তিনি বেশ কয়েকবার মাইকটি নিজের মুখ থেকে অনেকটা দূরে সরিয়ে নিচ্ছেন, অথচ অবাক করার বিষয় হলো— মাইক ছাড়াই তাঁর কণ্ঠস্বরে কোনো পরিবর্তন হচ্ছে না! দর্শক বুঝতে পারেন, জ্যাসমিন আসলে লাইভ গাইছেন না, বরং রেকর্ড করা গানের সঙ্গে কেবল ঠোঁট মেলাচ্ছেন বা ‘লিপ-সিঙ্ক’ করছেন।
জল ঢালা নিয়ে ট্রোলিং
বিতর্ক কেবল লিপ-সিঙ্কেই থেমে থাকেনি। পারফরম্যান্সের উত্তেজনায় হঠাৎই নিজের মাথায় ও গায়ে জলের বোতল থেকে জল ঢালতে শুরু করেন জ্যাসমিন। গায়িকার এই অদ্ভুত আচরণ একেবারেই পছন্দ হয়নি দর্শকদের। সোশ্যাল মিডিয়ায় একজন ব্যঙ্গ করে লিখেছেন, “দয়া করে ওকে কেউ এক বালতি জল দিন!” অন্য একজন লিখেছেন, “গান গাইতে ডেকেছিল না কি অভিনয় করতে?”
ফুঁসছে দর্শক মহল
টাকা খরচ করে লাইভ কনসার্ট দেখতে গিয়ে রেকর্ড করা গান শোনার অভিজ্ঞতা নেটিজেনদের ক্ষোভকে বাড়িয়ে দিয়েছে। একজন ইউজার মন্তব্য করেছেন, “দুটো গান হিট হতেই ওভার অ্যাক্টিং বেড়ে গিয়েছে।” অন্য একজনের প্রশ্ন, “লাইভ শো-তে যদি লিপ-সিঙ্কই করতে হয়, তবে টিকিট বিক্রির মানে কী?”
উল্লেখ্য, ‘ধুরন্ধর’ সিরিজের ‘শারারত’, ‘ম্যায় অউর তু’, ‘ভারি জাঁওয়া’র মতো জনপ্রিয় গানে জ্যাসমিনের কণ্ঠ একসময় তাঁকে ধুরন্ধর পরিচিতি দিয়েছিল। কিন্তু অহমেদাবাদের এই ঘটনা তাঁর সেই জনপ্রিয়তায় বড়সড় ধাক্কা দিল বলেই মনে করা হচ্ছে।