রাঁচিতে খোদ কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে হাড়হিম করা শ্যুটআউট! মন্দির থেকে ফেরার পথেই ঝাঁঝরা ব্যবসায়ী

অপরাধীদের দুসাহস এবার চরমে! ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রীর বাড়ির ঢিল ছোড়া দূরত্বে দিনের আলোয় গুলি করে খুন করা হলো এক ব্যবসায়ীকে। মঙ্গলবার সকালে ওটিসি মাঠের কাছে এই হাড়হিম করা ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত ব্যবসায়ীর নাম ভার্গব সিং।

মন্দির থেকে বেরোতেই চলল গুলি:
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, জমি ব্যবসায়ী ভার্গব সিং প্রতিদিনের মতো ওটিসি গ্রাউন্ডের হনুমান মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। পুজো সেরে মন্দির থেকে বেরিয়ে রাস্তায় পা রাখতেই ঘটে সেই রক্তক্ষয়ী কাণ্ড। আগে থেকে ওঁৎ পেতে থাকা এক মুখোশধারী দুষ্কৃতী পেছন থেকে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। বুলেটের আঘাতে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন ভার্গব। এরপরই চম্পট দেয় খুনি।

বাঁচানোর চেষ্টা করলেন কেন্দ্রীয় মন্ত্রী:
গুলি চলার শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রাঁচির সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ। কালবিলম্ব না করে তিনি আহত ব্যবসায়ীকে নিজের উদ্যোগে গ্রিন করিডোরের মাধ্যমে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। কিন্তু চিকিৎসকদের প্রাণপণ চেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি, হাসপাতালেই মৃত্যু হয় ভার্গব সিংয়ের।

জমি বিবাদ না কি অন্য কিছু?
তদন্তে নেমে পান্দ্রা ওপি থানার পুলিশ ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক তথ্যে জানা গিয়েছে, ভার্গব সিংয়ের সঙ্গে বিজয় টেটে নামে এক ব্যক্তির একটি দামী জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ চলছিল। পুলিশের ধারণা, এই জমি সংক্রান্ত শত্রুতার জেরেই পেশাদার খুনি ভাড়া করে ভার্গবকে সরিয়ে দেওয়া হয়েছে।

আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন:
এই ঘটনার পর ঝাড়খণ্ডের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় শেঠ এবং রাজ্যসভা সাংসদ দীপক প্রকাশ। উল্লেখ্য, এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই রাঁচির লালপুর এলাকায় এক মেডিকেল ছাত্রীকে নেশাজাতীয় পিৎজা খাইয়ে গণধর্ষণের ন্যাক্কারজনক ঘটনা সামনে আসে। একের পর এক অপরাধে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা এখন বড়সড় প্রশ্নের মুখে।

পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই খুনের নেপথ্যে থাকা মূল চক্রীদের শনাক্ত করার চেষ্টা চলছে।