১ মে থেকে কড়াকড়ি! মারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সি লাইসেন্স, মহারাষ্ট্রে বড় ঘোষণা।

মহারাষ্ট্রের পরিবহন মন্ত্রী প্রতাপ সারনায়েক মঙ্গলবার এক ঐতিহাসিক ও কঠোর ঘোষণা করেছেন। আগামী ১ মে ‘মহারাষ্ট্র দিবস’ থেকে রাজ্যের সমস্ত লাইসেন্সপ্রাপ্ত রিকশা ও ট্যাক্সি চালকদের জন্য মারাঠি ভাষা জানা বাধ্যতামূলক করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, মোটরযান বিভাগের ৫৯টি আঞ্চলিক ও উপ-আঞ্চলিক অফিসের মাধ্যমে রাজ্যজুড়ে বিশেষ তল্লাশি অভিযান চালানো হবে। এই অভিযানে যাচাই করা হবে যে, চালকরা মারাঠি পড়তে ও লিখতে পারেন কি না। যদি কোনো চালক মারাঠি বলতে বা বুঝতে ব্যর্থ হন, তবে তাঁর লাইসেন্স তৎক্ষণাৎ বাতিল করা হবে।
পরিবহন মন্ত্রীর মতে, মুম্বই মেট্রোপলিটন অঞ্চল (MMR), ছত্রপতি সম্ভাজিনগর এবং নাগপুরের মতো বড় শহরগুলো থেকে ক্রমাগত অভিযোগ আসছিল যে, বহু চালক মারাঠি বলতে পারেন না বা ইচ্ছাকৃতভাবে মারাঠি বলা এড়িয়ে যান। মন্ত্রী সাফ জানান, “যে এলাকায় কাজ করবেন, সেখানকার ভাষা শেখা প্রত্যেকের কর্তব্য।” মোটরযান বিধিমালা অনুযায়ী স্থানীয় ভাষা জানা বাধ্যতামূলক হলেও এতদিন তা ঠিকমতো কার্যকর হয়নি, যা এবার কঠোরভাবে প্রয়োগ করতে চলেছে একনাথ শিন্ডে সরকার।
এই নির্দেশে শুধু চালক নন, কর্মকর্তাদের ওপরও কোপ পড়তে চলেছে। যে সমস্ত আরটিও (RTO) আধিকারিক ভাষা যাচাই না করেই লাইসেন্স ইস্যু করবেন, তাঁদের বিরুদ্ধেও কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকার মনে করে, মারাঠি জানা থাকলে চালকরা স্থানীয় সাইনবোর্ড বুঝতে এবং যাত্রীদের পাশাপাশি পুলিশের সঙ্গেও আরও কার্যকরভাবে যোগাযোগ করতে পারবেন। ১ মে মহারাষ্ট্র দিবসের পুণ্যলগ্নে এই অভিযান চালুর মাধ্যমে রাজ্যের সাংস্কৃতিক পরিচয় রক্ষা এবং গণপরিবহন ব্যবস্থাকে আরও জনমুখী করতে চাইছে মহারাষ্ট্র সরকার।