“বিজেপির রাস্তা পরিষ্কার করছে তৃণমূলই!” বাংলায় পা রেখেই মমতা-মোদীকে একাসনে বিঁধলেন রাহুল গান্ধী

ভোটের আবহে বাংলায় পা রেখেই রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার রায়গঞ্জে কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্তর সমর্থনে আয়োজিত জনসভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ বলে আক্রমণ শানালেন তিনি। রাহুলের দাবি, বাংলায় তৃণমূলই পরোক্ষভাবে বিজেপিকে জায়গা করে দিচ্ছে। তিনি তোপ দেগে বলেন, “বিরোধীদের ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে তৃণমূল। তৃণমূল যদি ঠিকমতো কাজ করত এবং ঘৃণা না ছড়াত, তবে বাংলায় বিজেপির অস্তিত্ব থাকত না।”

এদিন দুর্নীতির ইস্যুতে তৃণমূলকে তুলোধনা করেন রাহুল। সারদা ও রোজভ্যালি চিটফান্ড কাণ্ডের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “নরেন্দ্র মোদী যদি দুর্নীতিগ্রস্ত হন, তবে তৃণমূলও সেই দৌড়ে পিছিয়ে নেই।” বাংলায় ‘সিন্ডিকেট রাজ’ চলছে দাবি করে রাহুল অভিযোগ করেন, মেহনতি মানুষের টাকা লুট করছে শাসকদল। শিল্পের দুরাবস্থা নিয়ে মমতাকে আক্রমণ করে তিনি বলেন, “বামেরা যা শুরু করেছিল, মমতাজী তা শেষ করে দিয়েছেন। বাংলার ছোট-মাঝারি শিল্প আজ ধ্বংসের মুখে।” সেই সঙ্গে আর জি করের নৃশংস ঘটনা এবং কংগ্রেস নেতা তপন কুন্ডু খুনের প্রসঙ্গ টেনে রাজ্যের আইনশৃঙ্খলা ও নারী সুরক্ষা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

বেকারত্ব ও কর্মসংস্থান নিয়ে রাজ্য সরকারকে বিঁধে রাহুল জানান, বাংলায় বর্তমানে ৮৪ লক্ষ যুবক-যুবতী বেকারভাতার জন্য আবেদন করেছেন, যা রাজ্যের করুণ দশা স্পষ্ট করে। রায়গঞ্জের মাটি থেকে রাহুল এদিন কংগ্রেসের একগুচ্ছ নির্বাচনী প্রতিশ্রুতি বা ‘গ্যারান্টি’ ঘোষণা করেন। যার মধ্যে রয়েছে— প্রতিটি পরিবারকে ১০ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা, বিনামূল্যে ক্যানসার ও ডায়ালিসিস চিকিৎসা, কৃষকদের বছরে ১৫,০০০ টাকা সম্মান নিধি, ২০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ এবং মহিলাদের অ্যাকাউন্টে মাসে ২,০০০ টাকা প্রদান। প্রিয়রঞ্জন দাসমুন্সির স্মৃতিচারণ করে রাহুল আহ্বান জানান, বাংলাকে পরিবর্তনের জন্য হাত চিহ্ন ভোট দিয়ে কংগ্রেস প্রার্থীদের জয়ী করতে।