একদিনের সুখ চিরস্থায়ী হলো না! আজ খুলতেই রক্তবর্ণ শেয়ার বাজার, সেনসেক্স-নিফটিতে বড় ধস

বুধবারের ঐতিহাসিক তেজিভাবের পর বৃহস্পতিবার মুখ থুবড়ে পড়ল ভারতীয় শেয়ার বাজার। সপ্তাহের চতুর্থ লেনদেনের দিন, ৯ এপ্রিল সকালে সেনসেক্স ও নিফটি—উভয় সূচকই লাল সঙ্কেত নিয়ে যাত্রা শুরু করেছে। গতকাল যেখানে প্রায় ৩০০০ পয়েন্টের লাফ দিয়েছিল সেনসেক্স, আজ বাজার খুলতেই তার উল্টো ছবি ধরা পড়ল দালাল স্ট্রিটে।
এদিন সকালে ৩০-শেয়ারের বিএসই সেনসেক্স ২৪৩.৫৭ পয়েন্ট বা ০.৩১ শতাংশ কমে ৭৭,৩১৯.৩৩ পয়েন্টে খোলে। একই পথে হেঁটে এনএসই নিফটি ৫০ সূচকও ৮৮.৩০ পয়েন্ট বা ০.৩৭ শতাংশ কমে ২৩,৯০৯.০৫ পয়েন্টে লেনদেন শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পতনের মাত্রা আরও তীব্র হয়। সকাল ৯:২০ নাগাদ সেনসেক্স ৩০০ পয়েন্ট হারিয়ে ৭৭,২৬১ পয়েন্টে এবং নিফটি ১১৩ পয়েন্ট কমে ২৩,৮৮৩ পয়েন্টে থিতু হয়।
বিএসই বাস্কেটে এদিন সান ফার্মা, ইন্ডিগো, আদানি পোর্টস এবং এলঅ্যান্ডটি-র মতো হেভিওয়েট শেয়ারগুলি সবথেকে বেশি লোকসানের মুখ দেখেছে। অন্যদিকে, বাজারের এই ঝোড়ো হাওয়ার মধ্যেও এনটিপিসি, টাটা স্টিল এবং ভারতী এয়ারটেলের মতো কিছু শেয়ার লাভের মুখ দেখেছে। উল্লেখ্য, গত বুধবার যুদ্ধবিরতির খবরের জেরে সেনসেক্স প্রায় ৩.৯৫ শতাংশ এবং নিফটি ৩.৭৮ শতাংশ বেড়েছিল, যা লগ্নিকারীদের মুখে হাসি ফুটিয়েছিল। কিন্তু বৃহস্পতিবারের এই পতন প্রমাণ করে দিল যে বাজারের অস্থিরতা এখনও কাটেনি।