ফের বন্ধ হরমুজ প্রণালী! ইজরায়েলি হামলায় ফুঁসছে ইরান, ভেস্তে যেতে পারে ট্রাম্পের শান্তি বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত দু’সপ্তাহের যুদ্ধবিরতির রেশ কাটতে না কাটতেই ফের রণক্ষেত্র মধ্যপ্রাচ্য। বুধবার ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে সংঘর্ষবিরতি ঘোষণা করা হলেও, মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে লেবাননে বিধ্বংসী হামলা চালিয়েছে ইজরায়েল। আর এই হামলার পাল্টা প্রতিক্রিয়ায় ইরান পুনরায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দিয়েছে। এর ফলে বিশ্ববাজারে তেলের জোগান ও বিশ্ব অর্থনীতি নিয়ে নতুন করে চরম উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্রের খবর, মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননের ওপর ১০০টি ক্ষেপণাস্ত্র আছড়ে ফেলেছে ইজরায়েলি সেনা। ট্রাম্প প্রশাসন আশা করেছিল এই বিরতির ফলে ইরান হরমুজ প্রণালী খুলে দেবে, কিন্তু ইজরায়েলের এই আগ্রাসন পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অন্যদিকে, আগামী শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও আমেরিকা মুখোমুখি বৈঠকে বসতে চলেছে। এই গুরুত্বপূর্ণ আলোচনার দায়িত্ব ট্রাম্প দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে। ভান্সের সঙ্গে থাকবেন পশ্চিম এশিয়ার মার্কিন দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জারেড কুশনার।
তবে এই শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে সংশয় কাটছে না। জেডি ভান্স স্পষ্ট করে দিয়েছেন যে, লেবাননের ঘটনাকে এই আলোচনার আওতায় আনতে চাইছে না ওয়াশিংটন। তাঁর কথায়, “লেবাননে যুদ্ধবিরতির কোনো কথা আমেরিকা দেয়নি। ইরান যদি এই অজুহাতে আলোচনা ভেস্তে দেয়, তবে সেটা তাদের সিদ্ধান্ত।” পাল্টায় তেহরান সাফ জানিয়েছে, এই হামলা অবিলম্বে বন্ধ না হলে তারা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। এখন নজর শনিবারের ইসলামাবাদ বৈঠকের দিকে, যেখানে ভান্স ও ইরানের প্রতিনিধিদলের আলোচনার ওপর ঝুলে রয়েছে গোটা বিশ্বের শান্তি।