মমতার খাসতালুকে চরম উত্তেজনা! কালীঘাটে পুজো দিতে গিয়ে বিক্ষোভের মুখে মুখ্য নির্বাচন কমিশনার, উঠল ‘গো ব্যাক’ স্লোগান!

২০২৬ বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাতে বঙ্গে এসেই নজিরবিহীন পরিস্থিতির মুখে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র কালীঘাটে পুজো দিতে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে পড়লেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। গতকাল রাতের মতো আজও তাঁকে ঘিরে কালো পতাকা দেখানো হয় এবং উত্তেজিত জনতা ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করে।

প্রবল বিক্ষোভের মধ্যেই কড়া নিরাপত্তায় মন্দিরে প্রবেশ করেন জ্ঞানেশ কুমার। তবে জনরোষের মুখে পড়লেও মেজাজ হারাননি তিনি। মন্দির থেকে বেরিয়ে হাতজোড় করে স্মিতহাস্যে সিইসি বলেন, “পশ্চিমবঙ্গের সকল ভাইবোনকে আমার নমস্কার। মা কালী সকলকে ভালো রাখুন।” কমিশন সূত্রে খবর, আসন্ন নির্বাচন যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই প্রার্থনাই মায়ের কাছে জানিয়েছেন তিনি।

তিন দিনের এই সফরে জ্ঞানেশ কুমারের সঙ্গে রয়েছেন দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশী। সোমবার সকাল ১০টা থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক শুরু করেছেন তাঁরা। এর আগে কেরালা সফরের অভিজ্ঞতা টেনে তিনি জানিয়েছিলেন যে, সেখানে নির্বাচন বিশ্বের কাছে মডেল হতে চলেছে। এবার বাংলার নির্বাচন নিয়েও তিনি যথেষ্ট আশাবাদী।

এদিন বিকেলের দিকে ফুল বেঞ্চের বেলুড় মঠেও যাওয়ার কথা রয়েছে। তবে কালীঘাটের এই বিক্ষোভ রাজ্যের রাজনৈতিক উত্তাপকে যে আরও বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য। এখন দেখার, রাজনৈতিক দল ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের সাথে বৈঠকে এই ‘অশান্তি’ মোকাবিলায় কমিশন কী কড়া দাওয়াই দেয়।