বঙ্গে ভোটের দামামা! আজই রাজনৈতিক দলগুলোর মুখোমুখি নির্বাচন কমিশন, ঝুলে থাকা ভোটার তালিকায় কি বড় সিদ্ধান্ত?

রাজ্যে কড়া নাড়ছে নির্বাচন। আর সেই প্রস্তুতির সলতে পাকাতে রবিবার রাতেই কলকাতায় পা রেখেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আজ, সোমবার সকাল থেকেই শুরু হচ্ছে ম্যারাথন বৈঠক। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় বসছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বিশেষ নজর থাকছে তৃণমূলের প্রতিনিধি দলের দিকে, যেখানে খোদ প্রাক্তন পুলিশকর্তা রাজীব কুমার কমিশনের মুখোমুখি হতে পারেন।

রবিবার কলকাতায় পা দিয়েই কাজে নেমে পড়েছেন জ্ঞানেশ কুমার। রাত ১০টার পর রাজ্যের স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত এবং মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। বিশেষ করে ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ বা ‘Under Adjudication’ পর্যায়ে থাকা নামগুলোর যাচাই প্রক্রিয়া কতদূর এগোল, জুডিশিয়াল অফিসাররা প্রতিদিন কতগুলি অভিযোগের নিষ্পত্তি করছেন— তা নিয়ে কড়া খোঁজ নিয়েছেন কমিশনার। সূত্রের খবর, সোমবারই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নিয়ে বড় কোনো ঘোষণা আসতে পারে।

আজকের সূচি অত্যন্ত ঠাসা। রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের পর দুপুর ১টা থেকে জেলাশাসক (DM), পুলিশ সুপার (SP) এবং পুলিশ কমিশনারদের নিয়ে পর্যালোচনায় বসবে ফুল বেঞ্চ। মঙ্গলবারও থাকছে হাইপ্রোফাইল বৈঠক। কাল সকাল ১০টা ৩০ মিনিটে রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করবেন জ্ঞানেশ কুমাররা। এই প্রথমবার বুথ লেভেল অফিসারদের (BLO) সঙ্গেও সরাসরি কথা বলবে কমিশন। মঙ্গলবার বিকেল ৪টেয় দিল্লি ফিরে যাওয়ার আগে রাজ্যের আইনশৃঙ্খলা ও ভোট প্রস্তুতি নিয়ে চূড়ান্ত নির্দেশিকা দিয়ে যেতে পারে ফুল বেঞ্চ।