মাঝ আকাশে বিড়িতে সুখটান! মাঝ আকাশেই বিপাকে যাত্রী, দিল্লি-গোয়া বিমানে যা ঘটল জানলে আঁতকে উঠবেন!

মাঝ আকাশে উড়ন্ত বিমানে বিড়িতে সুখটান দিয়ে চরম বিপাকে পড়লেন দিল্লির এক বাসিন্দা। আকাশা এয়ারের (Akasa Air) একটি বিমানে টয়লেটের ভেতরে ধূমপান করার অভিযোগে ওই যাত্রীর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তের নাম আশিস দাস, যিনি শনিবার দিল্লি থেকে গোয়াগামী QP1625 ফ্লাইটে চড়েছিলেন।

বিমান সংস্থা সূত্রে খবর, আশিস দাস ১১ই নম্বর সিটের যাত্রী ছিলেন। বিমানবন্দরের কড়া নিরাপত্তা এড়িয়ে তিনি কীভাবে একটি লাইটার নিয়ে বিমানে উঠলেন, তা নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে। বিমানটি যখন মাঝ আকাশে, তখন তিনি শৌচাগারে গিয়ে বিড়ি জ্বালালে ধোঁয়ার গন্ধ ছড়িয়ে পড়ে। কেবিন ক্রুরা তৎক্ষণাৎ বিষয়টি শনাক্ত করেন এবং তাঁর কাছ থেকে লাইটারটি বাজেয়াপ্ত করেন। এই কাণ্ডটি বিমান এবং যাত্রীদের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করেছিল।

গোয়ার মোপা বিমানবন্দর থানা অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং অসামরিক বিমান চলাচল সুরক্ষা আইনে মামলা দায়ের করেছে। গোয়ায় বিমানটি অবতরণ করার পরই আশিসকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আকাশা এয়ার জানিয়েছে, তাদের ক্রুরা নির্ধারিত প্রোটোকল মেনে দ্রুত ব্যবস্থা নিয়েছেন। বর্তমানে অভিযুক্তকে ধারা ৩৫(৩) অনুযায়ী নোটিশ জারি করা হয়েছে এবং আরও তদন্ত চলছে।

উল্লেখ্য, ২০২৫ সালেও এক বাঙালি যাত্রী সুরাত থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমানে একইভাবে বিড়ি টেনে গ্রেফতার হয়েছিলেন। মাঝ আকাশে বা বিমানে ধূমপান দণ্ডনীয় অপরাধ হওয়া সত্ত্বেও বারবার এমন ঘটনা বিমানযাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।