উচ্চ মাধ্যমিকে বিরাট বদল! মিলবে না কোনো লুজ শিট, চতুর্থ সেমেস্টারের আগে কড়া নির্দেশিকা সংসদের

দোরগোড়ায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ২০২৬-এর এই বড় পরীক্ষার আগে পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। গত বছর থেকে শুরু হওয়া সেমেস্টার পদ্ধতির অধীনে এবারই প্রথম চতুর্থ সেমেস্টার দিতে চলেছে প্রায় ৭ লক্ষেরও বেশি পড়ুয়া। শেষ মুহূর্তের প্রস্তুতি যখন তুঙ্গে, তখনই সংসদের কয়েকটি নিয়ম নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

সংসদের জারি করা নির্দেশিকা অনুযায়ী, এবার উচ্চ মাধ্যমিকে উত্তরপত্রের ক্ষেত্রে এক ঐতিহাসিক পরিবর্তন আনা হয়েছে। সংসদ স্পষ্ট জানিয়েছে, চতুর্থ সেমেস্টারে উত্তর লেখার জন্য পরীক্ষার্থীদের কোনো অতিরিক্ত কাগজ বা লুজ শিট (Loose Sheet) দেওয়া হবে না। অর্থাৎ, নির্ধারিত উত্তরপত্রের মধ্যেই সমস্ত উত্তর গুছিয়ে লিখতে হবে। তবে পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রশ্নের সংখ্যা এবার দ্বিগুণ রাখা হচ্ছে, যেখান থেকে পছন্দমতো প্রশ্ন বেছে নেওয়ার সুযোগ পাবেন তাঁরা।

পরীক্ষার সময়সীমা নিয়েও রয়েছে বিশেষ নির্দেশ। সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত। তবে প্রশ্নপত্র বিলি করা হবে পরীক্ষা শুরুর ঠিক ১০ মিনিট আগে। তাই হাতে সময় নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো বাধ্যতামূলক। এ ছাড়া, মোবাইল ফোন, ক্যালকুলেটর বা স্মার্ট ওয়াচের মতো যে কোনো বৈদ্যুতিন সরঞ্জাম পরীক্ষাকেন্দ্রে সম্পূর্ণ নিষিদ্ধ। নকল করতে গিয়ে ধরা পড়লে কড়া শাস্তির পাশাপাশি পরীক্ষা বাতিলের হুঁশিয়ারিও দিয়েছে সংসদ।