ডিএ না দিলে জেল হবে মুখ্য সচিবের! সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্যকে চরম হুঁশিয়ারি কর্মচারী সংগঠনের

পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ (Dearness Allowance) মামলায় রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত জমে থাকা বকেয়া মহার্ঘ ভাতার অন্তত ২৫ শতাংশ আগামী ৩১ মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে। আদালতের এই কড়া নির্দেশের পর যদি রাজ্য সরকার পিছুটান দেয়, তবে পরিণাম ভয়াবহ হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।

মলয়বাবুর দাবি, সুপ্রিম কোর্টের এই নির্দেশ অমান্য করা মানে সরাসরি ‘আদালত অবমাননা’ বা কনটেম্পট অফ কোর্ট। তিনি বিস্ফোরক মন্তব্য করে বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া না মেটালে রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবের জেল হেফাজত পর্যন্ত হতে পারে।” আদালতের নির্দেশ অনুযায়ী, ২৫ শতাংশ বকেয়া ডিএ-র প্রথম কিস্তি দিতে হবে ৬ মার্চের মধ্যে এবং পুরো ২৫ শতাংশ মেটাতে হবে ৩১ মার্চের মধ্যে। ১৫ এপ্রিলের মধ্যে রাজ্যকে এই কাজের ‘কমপ্লায়েন্স রিপোর্ট’ জমা দিতে হবে শীর্ষ আদালতে।

বাকি ৭৫ শতাংশ বকেয়া কীভাবে মেটানো হবে, তা ঠিক করতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রায় পর্যালোচনার জন্য মুখ্য সচিবের নেতৃত্বে একটি ৫ সদস্যের পৃথক কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন। তবে মলয় মুখোপাধ্যায়ের মতে, আদালতের তৈরি করে দেওয়া কমিটির ওপরে যাওয়ার বা আদালতের মূল রোডম্যাপ পরিবর্তন করার কোনো আইনি ক্ষমতা রাজ্যের কমিটির নেই। আগামী ১৫ মে এই মামলার পরবর্তী শুনানি।