রেল যাত্রীদের জন্য সুখবর! টিকিট সংকট মেটাতে একগুচ্ছ ট্রেনে কোচ বাড়াল দক্ষিণ-পূর্ব রেল

গণপরিবহনের মেরুদণ্ড হলো ভারতীয় রেল। বিশেষ করে দূরপাল্লার সফরের ক্ষেত্রে যাত্রীদের প্রথম পছন্দ ট্রেন। তবে ব্যস্ত রুটে কনফার্ম টিকিট পাওয়া যেন এক যুদ্ধ জয়ের সমান। যাত্রীদের এই দীর্ঘদিনের সমস্যার সমাধানে এবার বড় পদক্ষেপ নিল দক্ষিণ-পূর্ব রেল। যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে এবং টিকিটের আকাল মেটাতে একগুচ্ছ ট্রেনে কোচের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দক্ষিণ-পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২৮২৫ শালিমার–চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেসের সাথে একটি অতিরিক্ত এসি থ্রি-টায়ার কোচ যুক্ত করা হচ্ছে। আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে আপ এবং ২৫ ফেব্রুয়ারি থেকে ডাউন ট্রেনে এই সুবিধা মিলবে। এর ফলে দক্ষিণ ভারতগামী যাত্রীদের টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়বে।
অন্যদিকে, ওখা এবং পোরবন্দরগামী ট্রেনের ক্ষেত্রেও খুশির খবর দিয়েছে রেল। ২২৯০৫/২২৯০৬ ওখা-শালিমার-ওখা এক্সপ্রেস এবং ১২৯০৫/১২৯০৬ পোরবন্দর-শালিমার-পোরবন্দর এক্সপ্রেস—উভয় ট্রেনেই ৩টি করে অতিরিক্ত জেনারেল সেকেন্ড ক্লাস কোচ বাড়ানো হচ্ছে। ফেব্রুয়ারির শুরু থেকেই এই নিয়ম কার্যকর হচ্ছে। রেলের এক জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, অতিরিক্ত কোচ সংযোজনের ফলে সাধারণ এবং এসি—উভয় শ্রেণির যাত্রীরাই উপকৃত হবেন এবং ভিড়ের চাপ অনেকটাই সামাল দেওয়া সম্ভব হবে।