ডিএ মেটাতে নবান্নকে আইনি নোটিশ! সুপ্রিম নির্দেশের পরেও ‘চুপ’ সরকার, চরম হুঁশিয়ারি সরকারি কর্মীদের

সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পরেও রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ (DA) নিয়ে নবান্নের নীরবতায় দানা বাঁধছে ক্ষোভ। আদালতের নির্দেশের পর বেশ কিছু দিন কেটে গেলেও রাজ্য সরকারের তরফে কোনো বিজ্ঞপ্তি জারি না হওয়ায় এবার সরাসরি আইনি পথে হাঁটল সরকারি কর্মীদের সংগঠন ‘ইউনিটি ফোরাম’। সংগঠনের পক্ষ থেকে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাত কুমার মিশ্রকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আইনজীবী প্রবীর চট্টোপাধ্যায়ের মাধ্যমে পাঠানো এই নোটিশে স্পষ্ট জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ অনুযায়ী রাজ্যকে আগামী ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে বকেয়া ডিএ-র প্রথম কিস্তি অর্থাৎ ২৫ শতাংশ টাকা মিটিয়ে দিতে হবে। এছাড়া হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তারলোক সিং চৌহানের নেতৃত্বে গঠিত কমিটিকেও দ্রুত রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। কর্মীদের অভিযোগ, দিল্লির বঙ্গভবনে কর্মরতরা ১৬৪ শতাংশ ডিএ পেলেও রাজ্যের কর্মীরা পাচ্ছেন মাত্র ১২৫ শতাংশ—এই ৩৯ শতাংশের বৈষম্য অবিলম্বে দূর করা প্রয়োজন।

ইউনিটি ফোরামের তরফে সতর্ক করে বলা হয়েছে, সর্বোচ্চ আদালতের বেঁধে দেওয়া সময়সীমা লঙ্ঘন করলে রাজ্য সরকারকে ভবিষ্যতে আরও জটিল আইনি প্রক্রিয়া বা আদালত অবমাননার (Contempt of Court) মুখে পড়তে হতে পারে। আগামী ১৫ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। তার আগেই রাজ্য সরকার আদালতের নির্দেশ মেনে পদক্ষেপ করে কি না, এখন সেদিকেই তাকিয়ে প্রায় এক কোটি সরকারি কর্মী ও পেনশনভোগীরা।