মোহাম্মদ দীপক’-কে খুনের হুমকি, ২ লক্ষ টাকা ইনাম ঘোষণা! কোটদ্বার কাণ্ডে শিউরে ওঠা মোড়!

উত্তরাখণ্ডের কোটদ্বারে ‘বাবা দোকান’ বিতর্ক থামার নামই নিচ্ছে না। মুসলিম বৃদ্ধ দোকানদারের পাশে দাঁড়িয়ে রাতারাতি নেটদুনিয়ার ‘হিরো’ হয়ে ওঠা জিম ট্রেইনার দীপক কুমার ওরফে ‘মোহাম্মদ দীপক’-কে এবার প্রকাশ্য দিবালোকে খুনের হুমকি দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ঘোষণা করেছে যে, দীপককে যে খুন করতে পারবে তাকে ২ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

হুমকির নেপথ্যে কে? দীপক কুমার কোটদ্বার কোতোয়ালিতে লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ তদন্তে নামে। পৌরি এসএসপি সর্বেশ পওয়ারের নির্দেশে দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ অভিযুক্তকে শনাক্ত করেছে। জানা গেছে, হুমকি দেওয়া ওই যুবকের নাম রাজা উৎকর্ষ, যে বিহারের মোতিহারির বাসিন্দা। উত্তরাখণ্ড পুলিশ ইতিমধ্যেই বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে এবং অভিযুক্তের বিরুদ্ধে নামজাদা এফআইআর দায়ের করা হয়েছে।

ফিরে দেখা: কী ছিল সেই বিতর্ক? গত ২৬ জানুয়ারি কোটদ্বারে এক মুসলিম বৃদ্ধের দোকানের নাম ‘বাবা’ রাখা নিয়ে বজরং দলের কর্মীরা আপত্তি জানান। তাঁরা বৃদ্ধকে নাম পরিবর্তনের জন্য চাপ দিচ্ছিলেন। সেই সময় জিম ট্রেইনার দীপক কুমার এগিয়ে আসেন এবং নিজেকে ‘মোহাম্মদ দীপক’ পরিচয় দিয়ে ওই বৃদ্ধকে সমর্থন করেন। তিনি একা দাঁড়িয়ে হিংসার প্রতিবাদ করেন। সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই সারা দেশে চর্চার কেন্দ্রে চলে আসেন দীপক। অনেকে তাকে সংহতির প্রতীক হিসেবে বর্ণনা করেন এবং ঝাড়খণ্ড সরকার তাকে ২ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও করে।

জমিয়তের সমর্থন জমিয়ত-উলেমা-ই-হিন্দের রাজ্য সাধারণ সম্পাদক মৌলানা শরাফত আলী কাসমি জানিয়েছেন, দীপক মানবিক ও সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন। হিংসার বিরুদ্ধে দাঁড়ানো একজন নাগরিককে এভাবে লক্ষ্যবস্তু করা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বর্তমানে দীপকের নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন শুভবুদ্ধিসম্পন্ন মানুষ।