বিধায়কের দাদাগিরি! হর্ন দিলেও রাস্তা ছাড়েনি কেন? উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ‘মার’ তৃণমূল বিধায়কের

উচ্চমাধ্যমিক পরীক্ষার মুখে পরীক্ষার্থীদের মারধরের অভিযোগ উঠল খোদ শাসকদলের বিধায়কের বিরুদ্ধে। নদিয়ার করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে ওঠা এই চাঞ্চল্যকর অভিযোগকে কেন্দ্র করে উত্তাল বালিয়াডাঙা এলাকা। অভিযোগ, মুরুটিয়া থানায় কর্মসূচি সেরে ফেরার পথে রাস্তায় কয়েকজন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী তাঁর গাড়ির সামনে পড়ে যায়। বিধায়কের গাড়ি বারবার হর্ন দিলেও সাইকেল আরোহী পড়ুয়ারা রাস্তা ছাড়তে সামান্য দেরি করে।
অভিযোগ, এতেই মেজাজ হারান বিধায়ক। গাড়ি থেকে নেমে তিনি পড়ুয়াদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে তাদের মারধর করেন। এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। বিধায়কের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। তাঁর দাবি, এটি রাজনৈতিক ষড়যন্ত্র এবং বিজেপি তাঁকে হেনস্থা করার জন্য এই মিথ্যা নাটক সাজিয়েছে। অন্যদিকে, বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় কটাক্ষ করে বলেন, “তৃণমূলের জনপ্রতিনিধিরা নিজেদের রাজা ভাবছেন।” তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ জানিয়েছেন, অভিযোগ সত্য প্রমাণিত হলে দল কঠোর ব্যবস্থা নেবে। পরীক্ষার মুখে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে জেলাজুড়ে।