সতর্কবার্তা! আপনার কি একের বেশি PF অ্যাকাউন্ট? বড় বিপদে পড়ার আগেই করুন এই কাজ

চাকরিজীবীদের ভবিষ্যৎ সঞ্চয়ের প্রধান স্তম্ভ হল প্রভিডেন্ট ফান্ড বা পিএফ (PF)। কিন্তু আপনার যদি একাধিক পিএফ অ্যাকাউন্ট থাকে, তবে উপকারের চেয়ে সমস্যাই বেশি হতে পারে। বিশেষ করে যারা ঘন ঘন চাকরি বদল করেন, পুরনো অফিসের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) নতুন সংস্থায় জমা না দেওয়ার ফলে একাধিক ইউএএন তৈরি হয়ে যায়। ইপিএফও (EPFO)-র স্পষ্ট নিয়ম— ‘ওয়ান মেম্বার, ওয়ান ইউএএন’। সম্পূর্ণ কর্মজীবনে একজন কর্মীর একটিই সক্রিয় ইউএএন থাকা বাঞ্ছনীয়।
একাধিক অ্যাকাউন্ট থাকলে টাকা তোলা বা ট্রান্সফার করার সময় বড় ধরনের জটিলতা দেখা দিতে পারে। তবে চিন্তার কারণ নেই, বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে আপনি একাধিক ইউএএন মার্জ বা একত্রীকরণ করতে পারেন। এর জন্য প্রথমে ইপিএফও-র মেম্বার পোর্টালে (unifiedportal-mem.epfindia.gov.in) লগ-ইন করতে হবে। এরপর ‘অনলাইন সার্ভিস’ অপশনে গিয়ে ‘ওয়ান মেম্বার-ওয়ান ইপিএফ অ্যাকাউন্ট’ সিলেক্ট করুন। নিজের কেওয়াইসি (KYC) তথ্য যাচাই করে বর্তমান সংস্থা বা ‘কারেন্ট এমপ্লয়ার’ অপশনটি বেছে নিন। এরপর পুরনো মেম্বার আইডি দিয়ে ওটিপি (OTP) ভেরিফাই করলেই আপনার আবেদন জমা পড়ে যাবে। সংস্থা আপনার তথ্য যাচাই করে অনুমোদন দিলেই সব কটি অ্যাকাউন্ট একটি সক্রিয় ইউএএন-এর অধীনে চলে আসবে। সময় থাকতে এই কাজটি সেরে ফেললে পিএফ নিয়ে ভবিষ্যতের বড় বিপদ এড়ানো সম্ভব।