“এটি রাম যুগের সূচনা!” নীতীশ তিওয়ারির ‘রামায়ণ’-এর ট্রেলার দেখে মুগ্ধ সন্দীপ রেড্ডি ভাঙ্গা

নীতীশ তিওয়ারির বহুপ্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’ (Ramayana)-এর ট্রেলার মুক্তির পর থেকেই চারদিকে শুরু হয়েছে প্রশংসার জোয়ার। আর এই ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পরই রণবীর কাপুরের রাম অবতারের ভূয়সী প্রশংসা করলেন ‘অ্যানিমেল’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা (Sandeep Reddy Vanga)। প্রভু শ্রীরামের চরিত্রে রণবীরের শান্ত ও গম্ভীর রূপ বিশেষভাবে নজর কেড়েছে নির্মাতাদের থেকে শুরু করে দর্শকদেরও।
সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ‘এক্স’ (পূর্বতন টুইটার)-এ ছবির ট্রেলার শেয়ার করে সন্দীপ রেড্ডি ভাঙ্গা লিখেছেন, “yeh ram yug ka aarambh hai. Not just a trailer, but the eternal reminder that DHARMA will always triumph over ADHARMA.” (অর্থাৎ—এটি রাম যুগের সূচনা। এটি শুধু একটি ট্রেলার নয়, এটি এই চিরন্তন স্মারক যে অধর্মের ওপর ধর্ম সবসময় জয়ী হবে।)
ইনস্টাগ্রামেও প্রশংসার জোয়ার
শুধু এক্স-এই নয়, ইনস্টাগ্রামেও ধনুুর্ধর রামের বেশে রণবীর কাপুরের একটি ছবি শেয়ার করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। সেখানে কোনো ক্যাপশন না দিলেও ছবির কমেন্ট বক্স ভরে উঠেছে ভক্তদের উচ্ছ্বাসে। অনুরাগীরা এই ছবির বক্স অফিসে ঝড় তোলার ব্যাপারে ইতিমধ্যেই ভবিষ্যদ্বাণী করতে শুরু করে দিয়েছেন।
‘রামায়ণ’ ছবির ঝলক:
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এই ট্রেলারে অযোধ্যার রাজকুমার রামের জীবন থেকে শুরু করে বনবাস এবং রানি কৈকেয়ীর দাবির ফলে তাঁর জীবনের মোড় ঘুরে যাওয়ার এক আবেগঘন চিত্র তুলে ধরা হয়েছে। ট্রেলারে সীতার চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং লঙ্কেশ রাবণের ভূমিকায় সুপারস্টার যশ (Yash)-এর উপস্থিতি দর্শকদের উত্তেজনা দ্বিগুণ করে দিয়েছে।
ছবির মিউজ়িক পরিচালনা করেছেন অস্কারজয়ী সুরকার এ.আর. রহমান এবং হ্যান্স জিমার (Hans Zimmer)। অন্যদিকে, ভিএফএক্স-এর দায়িত্বে রয়েছে বিশ্বখ্যাত সংস্থা ডিএনইজি (DNEG)। আগামী দীপাবলিতেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত এই মহাকাব্যের প্রথম পর্ব (Ramayana: Part 1)।